নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
“শুধু সনদ অর্জন নয়, আত্মবিশ্বাসী, দক্ষ ও মানবিক মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে হবে”—এমন মন্তব্য করেছেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি)-এর উপাচার্য ও ন্যাশনাল কলেজ অব হোম ইকোনমিক্সের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান।
রোববার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাদানকল্প কলেজ ন্যাশনাল কলেজ অব হোম ইকোনমিক্স, মোহাম্মদপুর, ঢাকা-এর উদ্যোগে আয়োজিত “নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান–২০২৬” ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। নবীন শিক্ষার্থীদের আনুষ্ঠানিক বরণ, শুভেচ্ছা বিনিময় এবং সাংস্কৃতিক পরিবেশনায় অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, উচ্চশিক্ষার মূল উদ্দেশ্য শুধু ভালো ফলাফল বা সনদ অর্জন নয়; বরং একজন শিক্ষার্থীকে দক্ষ, মানবিক, সৃজনশীল, আত্মবিশ্বাসী ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলা। বর্তমান বিশ্বে পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে জ্ঞান, দক্ষতা ও মূল্যবোধে সমৃদ্ধ হওয়া অত্যন্ত জরুরি।
তিনি আরও বলেন, পাঠ্যবইয়ের বাইরে চিন্তাশক্তি, নেতৃত্বগুণ, গবেষণামনস্কতা, নৈতিকতা ও সহমর্মিতার চর্চা করতে হবে। সহশিক্ষা কার্যক্রম, সাংস্কৃতিক চর্চা ও প্রযুক্তিনির্ভর শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের ব্যক্তিত্ব বিকাশ সম্ভব।
ন্যাশনাল কলেজ অব হোম ইকোনমিক্সের ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, প্রতিষ্ঠানটি নারীর শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও জীবনঘনিষ্ঠ জ্ঞানচর্চায় গুরুত্বপূর্ণ অবদান রাখছে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. নাজমুল আহসান। তিনি বলেন, প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে হলে জ্ঞান, দক্ষতা ও উদ্ভাবনী চিন্তার বিকাশ অপরিহার্য।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক নূরুন নাহার বেগম। তিনি নবীন শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়ন ও সৃজনশীল কর্মকাণ্ডে অংশগ্রহণের আহ্বান জানান।
অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। পরে নবীন শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

