Nabadhara
ঢাকারবিবার , ২১ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

খুলনায় উন্নয়ন প্রকল্পে গাফিলতির সুযোগ নেই: জেলা প্রশাসক হুরে জান্নাত

রাসেল আহমেদ, খুলনা প্রতিনিধি
জুন ২১, ২০২৬ ৯:০৯ অপরাহ্ণ
Link Copied!

রাসেল আহমেদ, খুলনা প্রতিনিধি

খুলনা জেলার চলমান উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে কোনো ধরনের গাফিলতির সুযোগ নেই বলে জানিয়েছেন জেলা প্রশাসক হুরে জান্নাত। তিনি বলেন, সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের সুফল জনগণের কাছে পৌঁছে দিতে নির্ধারিত সময়ের মধ্যেই প্রকল্পের কাজ সম্পন্ন করতে হবে। একই সঙ্গে নদী পুনঃখনন ও খাল খনন কার্যক্রমে বিশেষ গুরুত্ব দেওয়ার নির্দেশ দেন তিনি।

রোববার (২১ জুন) জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত জেলা উন্নয়ন সমন্বয় কমিটির জুন মাসের সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন জেলা প্রশাসক।

হুরে জান্নাত বলেন, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে দায়িত্বশীলতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। প্রকল্পের কাজ নির্ধারিত সময়ের মধ্যে শেষ করার পাশাপাশি সংশ্লিষ্ট দপ্তরগুলোকে নিয়মিত তাদের ওয়েব পোর্টাল হালনাগাদ রাখার নির্দেশ দেন তিনি। বিশেষ করে নদী পুনঃখনন ও খাল খনন কার্যক্রমের প্রকৃত অগ্রগতি সম্পর্কে সঠিক তথ্য উপস্থাপনের ওপর তিনি গুরুত্বারোপ করেন।

তিনি আরও জানান, পাইকগাছা বাঁধ সরলীকরণ প্রকল্পে অধিগ্রহণকৃত জমির মালিকদের আগামী ২৯ জুন ক্ষতিপূরণের চেক বিতরণ করা হবে।

সভায় স্বাস্থ্য খাতের তথ্য তুলে ধরে সিভিল সার্জন কার্যালয়ের প্রতিনিধি জানান, চলতি বছরের ১৫ মার্চ থেকে ২১ জুন পর্যন্ত জেলায় হাম সন্দেহে ৯২৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ৮৮৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এবং বর্তমানে ৪৫ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. নজরুল ইসলাম জানান, চলতি আমন মৌসুমে জেলার ১৫ হাজার কৃষককে আর্থিক সহায়তা দেওয়া হবে। পাশাপাশি আগামী পাঁচ বছরে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে খুলনা জেলায় ৭০ হাজার ৪৫০টি গাছ রোপণের পরিকল্পনা নেওয়া হয়েছে। তিনি আরও জানান, জেলার আমন মৌসুমের উৎপাদন পরিস্থিতি সন্তোষজনক রয়েছে। আগামী ২৫ থেকে ২৭ জুন খুলনায় তিন দিনব্যাপী ফলমেলা অনুষ্ঠিত হবে।

মৎস্য অধিদপ্তরের জেলা মৎস্য কর্মকর্তা মো. বদিউজ্জামান জানান, গত মাসে মৎস্য সংরক্ষণ আইন বাস্তবায়নে ১১টি অভিযান ও তিনটি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। এসব অভিযানে প্রায় এক লাখ টাকা জরিমানা আদায় করা হয়।

সভায় ইসলামিক ফাউন্ডেশনের সহকারী পরিচালক জানান, পাইকগাছা মডেল মসজিদের নির্মাণকাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে এবং ইতোমধ্যে ৯৭ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে।

সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিতান কুমার মণ্ডলসহ জেলার বিভিন্ন উপজেলার নির্বাহী কর্মকর্তা ও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।