Nabadhara
ঢাকাসোমবার , ২২ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

আলফাডাঙ্গায় সার্কাস আয়োজনের প্রতিবাদে বিক্ষোভ, ইউএনওর কাছে স্মারকলিপি

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
জুন ২২, ২০২৬ ৭:৪৫ পূর্বাহ্ণ
Link Copied!

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

ফরিদপুরের আলফাডাঙ্গায় সম্ভাব্য সার্কাস আয়োজনের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি প্রদান করেছে স্থানীয় সচেতন নাগরিক সমাজ। রবিবার (২২ জুন) বিকেলে বৈরী আবহাওয়া উপেক্ষা করে পৌর সদরের সদর বাজার চৌরাস্তায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সমাবেশে বিভিন্ন সামাজিক, ধর্মীয় ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের জনগণ অংশ নেন। বক্তারা অভিযোগ করেন, উপজেলার গোপালপুর ইউনিয়নের কাতলাসুর স্বপ্ননগর এলাকায় একটি সার্কাস আয়োজনের প্রস্তুতি চলছে। অতীত অভিজ্ঞতার আলোকে তারা আশঙ্কা প্রকাশ করে বলেন, এ ধরনের আয়োজনকে কেন্দ্র করে মাদকসেবন, জুয়া ও নানা অনৈতিক কর্মকাণ্ডের বিস্তার ঘটতে পারে, যা সমাজ ও তরুণ প্রজন্মের জন্য ক্ষতিকর।

বক্তারা আরও বলেন, আগামী ২ জুলাই থেকে শুরু হতে যাওয়া এইচএসসি পরীক্ষাকে সামনে রেখে শিক্ষার্থীদের জন্য শান্ত ও পড়াশোনার উপযোগী পরিবেশ নিশ্চিত করা জরুরি। সার্কাসের কারণে শব্দদূষণ, অতিরিক্ত জনসমাগম এবং রাতব্যাপী কার্যক্রম শিক্ষার্থীদের প্রস্তুতিতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। পাশাপাশি আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কাও রয়েছে বলে তারা উল্লেখ করেন।

জনস্বার্থ, শিক্ষার্থীদের ভবিষ্যৎ এবং সামাজিক শৃঙ্খলার বিষয়টি বিবেচনায় নিয়ে প্রশাসনের কাছে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানান বক্তারা। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, স্থানীয় জনগণের মতামত উপেক্ষা করে সার্কাস আয়োজনের অনুমতি দেওয়া হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

সমাবেশে উপস্থিত ছিলেন আলফাডাঙ্গা কওমি উলামা পরিষদের প্রধান উপদেষ্টা মাওলানা তামিম আহমেদ, সভাপতি মুফতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক মাওলানা আহসানুল্লাহ, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি এস এম হাফিজুর রহমান, উপজেলা জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মাওলানা আমিনুল্লাহ, উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মুফতি ইবাদত হোসাইন, ইসলামী আন্দোলনের উপজেলা সভাপতি মাওলানা শরিফুল ইসলাম জুয়েল এবং উপজেলা খেলাফত যুব মজলিসের সাধারণ সম্পাদক মাওলানা আবু মুসাসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।

সমাবেশ শেষে আন্দোলনকারীরা আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত নূর মৌসুমীর কাছে একটি স্মারকলিপি প্রদান করেন।

এ বিষয়ে ইউএনও রিফাত নূর মৌসুমী বলেন, “সংশ্লিষ্ট এলাকায় সার্কাস আয়োজনের জন্য এখন পর্যন্ত কোনো প্রাতিষ্ঠানিক অনুমতি দেওয়া হয়নি। জেলা প্রশাসকের অনুমোদন ছাড়া সার্কাস আয়োজনের সুযোগ নেই। স্থানীয় নাগরিকদের আপত্তি ও স্মারকলিপির বিষয়টি জেলা প্রশাসকের কাছে অবহিত করা হবে।”

স্থানীয় সচেতন মহল আশা প্রকাশ করেছে, শিক্ষার্থীদের পরীক্ষা, জনস্বার্থ ও এলাকার সামাজিক স্থিতিশীলতার বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রশাসন সময়োপযোগী সিদ্ধান্ত গ্রহণ করবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।