সোহেল রানা বাবু, বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাট সদর উপজেলার পার-নওয়াপাড়া গ্রামের মৎস্যচাষী মো. ইশারাত খান তার দীর্ঘদিনের ভোগদখলকৃত মাছের ঘের অবৈধভাবে দখল করে নেওয়ার অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন।
সোমবার (২২ জুন) সকাল ১১টায় বাগেরহাট প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি জানান, প্রায় ১৯ বছর আগে স্থানীয় হারুন শেখের সঙ্গে যৌথভাবে পার-নওয়াপাড়া বিলে একটি মাছের ঘের পরিচালনা করতেন। পরবর্তীতে তিনি নিজ উদ্যোগে প্রায় সাড়ে তিন বিঘা জমির ওপর মাছের ঘের পরিচালনা শুরু করেন।
লিখিত বক্তব্যে তিনি দাবি করেন, স্থানীয় অজিয়ার রহমানের এক বিঘা জমি বন্ধকসূত্রে তার দখলে আসে এবং স্থানীয়ভাবে সমঝোতার মাধ্যমে দীর্ঘদিন ধরে তিনি ওই জমি ব্যবহার করে আসছিলেন।
ইশারাত খান অভিযোগ করেন, ২০২৪ সালের ৬ আগস্ট অজিয়ার রহমান জোরপূর্বক তার মাছের ঘের দখল করে নেন। এ বিষয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, পুলিশ ও আইনজীবীদের মাধ্যমে একাধিক সালিশ বৈঠক অনুষ্ঠিত হলেও এখন পর্যন্ত কোনো সমাধান হয়নি।
তিনি আরও দাবি করেন, প্রতিপক্ষ এক বিঘা জমি ছাড়া বাকি জমির মালিকানার বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। এরপরও বর্তমানে পুরো সাড়ে তিন বিঘা মাছের ঘের তাদের দখলে রয়েছে।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, ঘের দখলের কারণে তিনি আর্থিকভাবে ব্যাপক ক্ষতির সম্মুখীন হচ্ছেন। এ অবস্থায় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে তার বৈধ দখল ও অধিকার পুনঃপ্রতিষ্ঠার দাবি জানান।
সংবাদ সম্মেলনে তার ভাই সেকেন্দার, বাসারত এবং ভাগ্নে জেলাল হাওলাদার উপস্থিত ছিলেন।
তবে এ বিষয়ে অভিযুক্ত পক্ষের বক্তব্য পাওয়া যায়নি। তাদের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে প্রকাশ করা হবে।

