ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরের মধুখালী উপজেলার হাটঘাটা গ্রামের একটি হাজী বাড়িতে সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও নতুন কাপড়চোপড়সহ প্রায় ৫ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায় বলে অভিযোগ পাওয়া গেছে।
ভুক্তভোগী পরিবার জানায়, রোববার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে ১৩ থেকে ১৪ জনের একটি সশস্ত্র দল ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় পরিবারের সদস্যরা ঘুমিয়ে ছিলেন।
পরিবারের কর্তা মো. খাইরুল ইসলাম মোল্লা (৫৪) ও তাঁর স্ত্রী দরজার কাছে গেলে ডাকাতরা তাদের জিম্মি করে ফেলে। একই সঙ্গে তাদের ১৫ বছর বয়সী ছেলেকে হাত-পা বেঁধে রাখা হয়। পরে পরিবারের সবাইকে অস্ত্রের মুখে আটকে রেখে লুটপাট চালানো হয়।
ভুক্তভোগীরা জানান, ডাকাত দল ঘরে থাকা ১ লাখ ৭০ হাজার টাকা, প্রায় দুই ভরি স্বর্ণালঙ্কার এবং নতুন কাপড়চোপড়সহ মূল্যবান মালামাল নিয়ে যায়।
ঘটনার খবর পেয়ে মধুখালী থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকদেব রায় বলেন, ডাকাতির ঘটনায় তদন্ত চলছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ করছে। দ্রুত অপরাধীদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে বলে তিনি জানান।

