ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি
পিরোজপুরের ভাণ্ডারিয়ায় অবৈধভাবে গলদা ও বাগদা চিংড়ির রেণু পোনা পাচারের সময় বিপুল পরিমাণ রেণু পোনা জব্দ করেছে উপজেলা প্রশাসন। এ ঘটনায় তিনজনকে মোট ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
জানা গেছে, উপকূলীয় বিভিন্ন এলাকা থেকে অবৈধভাবে সংগ্রহ করা চিংড়ির রেণু পোনা দীর্ঘদিন ধরে একটি চক্র দেশের বিভিন্ন স্থানে পাচার করে আসছিল। এ চক্রের তৎপরতা রোধে রবিবার রাতভর ভাণ্ডারিয়া ওভারব্রিজ এলাকায় চেকপোস্ট বসিয়ে অভিযান চালায় উপজেলা প্রশাসন।
অভিযানে রাত ২টার দিকে একটি মোটরসাইকেল তল্লাশি করে ৩০ হাজার রেণু পোনা জব্দ করা হয়। পরে সকাল ৭টার দিকে একটি মাইক্রোবাসে অভিযান চালিয়ে আরও ১ লাখ রেণু পোনা উদ্ধার করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন অনুযায়ী তিনজনকে জরিমানা করা হয়। এর মধ্যে মো. নজরুল ইসলামকে ১ লাখ টাকা এবং মো. ফিরোজ ও মো. হানিফ ফরাজীকে ১৫ হাজার টাকা করে জরিমানা করা হয়।
পরে জব্দকৃত মোট ১ লাখ ৩০ হাজার রেণু পোনা ভাণ্ডারিয়ার পোনা নদীতে অবমুক্ত করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাসিবুল হাসান বলেন, প্রাকৃতিক মৎস্যসম্পদ রক্ষায় অবৈধ রেণু পোনা আহরণ ও পাচারের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

