রাজবাড়ী প্রতিনিধি
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় অনলাইন জুয়ার টাকার জন্য স্ত্রীকে মারধর ও নির্যাতনের অভিযোগ উঠেছে স্বামী ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় ওই গৃহবধূকে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভুক্তভোগী ইভা আক্তার রাজবাড়ী সদর উপজেলার মূলঘর ইউনিয়নের এড়েন্দা গ্রামের ইউনুস আলী মোল্লার মেয়ে। অভিযুক্ত সোহেল শেখ বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের সোনাইডাঙ্গা গ্রামের নোবিয়াল শেখের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় সাত থেকে আট মাস আগে ইভা আক্তারের সঙ্গে সোহেল শেখের বিয়ে হয়। বিয়ের পর থেকেই বিভিন্ন বিষয় নিয়ে তাকে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ রয়েছে।
ভুক্তভোগীর পরিবারের দাবি, গতকাল রাতে সোহেল শেখ তার স্ত্রীর কাছে টাকা দাবি করেন। টাকা দিতে না পারায় তিনি ইভাকে মারধর করেন। একপর্যায়ে তার হাত বেঁধে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ারও চেষ্টা করা হয় বলে অভিযোগ করা হয়েছে। তবে পরিবারের অন্য সদস্যরা উপস্থিত থাকায় সে চেষ্টা ব্যর্থ হয়।
ইভার পরিবারের আরও অভিযোগ, নির্যাতনের ঘটনায় স্বামীর পাশাপাশি শ্বশুর ও শাশুড়িও অংশ নেন। পরে গুরুতর আহত অবস্থায় ইভাকে তার বাবা নিজ বাড়িতে নিয়ে আসেন। সেখানেও অভিযুক্ত পক্ষের লোকজন গিয়ে হামলা ও মারধর করেছে বলে অভিযোগ উঠেছে।
বর্তমানে ইভা আক্তার রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ভুক্তভোগীর বাবা ইউনুস আলী মোল্লা জানান, মেয়ের বিয়ের সময় তিনি প্রায় চার লাখ টাকা ব্যয়ে দুই ভরি স্বর্ণালঙ্কারসহ প্রয়োজনীয় জিনিসপত্র দিয়েছিলেন। তার অভিযোগ, সোহেল শেখ ওই স্বর্ণালঙ্কার বিক্রি করে অনলাইন জুয়ায় অর্থ ব্যয় করেছেন।
তিনি আরও দাবি করেন, সোহেল শেখ নিয়মিত অনলাইন জুয়া খেলেন এবং মাদক সেবন করেন। জুয়ার জন্য স্ত্রীর কাছে টাকা চাইতেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে প্রায়ই ইভার ওপর নির্যাতন চালানো হতো।
ইউনুস আলী মোল্লা বলেন, “মেয়ের শারীরিক অবস্থা এখনো ভালো নয়। সুস্থ হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং থানায় মামলা করা হবে।”
এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগের বিষয়ে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হলে তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটিত হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

