Nabadhara
ঢাকাসোমবার , ২২ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

খুলনায় তামাক নিয়ন্ত্রণে কঠোর অবস্থান, সব সরকারি দপ্তর ধূমপানমুক্ত করার নির্দেশ

খুলনা প্রতিনিধি
জুন ২২, ২০২৬ ৬:৫১ অপরাহ্ণ
Link Copied!

খুলনা প্রতিনিধি

খুলনা বিভাগে ধূমপান ও তামাকজাত দ্রব্য নিয়ন্ত্রণ আইনের কার্যকর বাস্তবায়নে সব সরকারি দপ্তরকে ধূমপানমুক্ত করার নির্দেশ দিয়েছেন বিভাগীয় কমিশনার মো. আবদুল্লাহ হারুন। একই সঙ্গে শিক্ষা-প্রতিষ্ঠান, হাসপাতাল, ক্লিনিক, খেলাধুলার স্থান ও শিশু পার্কের আশপাশে তামাকজাত দ্রব্য বিক্রি বন্ধে কঠোর নজরদারি এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

সোমবার (২২ জুন) খুলনা বিভাগীয় কমিশনারের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন বাস্তবায়ন বিষয়ক বিভাগীয় টাস্কফোর্স কমিটির সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব নির্দেশনা দেন।

বিভাগীয় কমিশনার বলেন, তামাক নিয়ন্ত্রণ কার্যক্রমের সফল বাস্তবায়নের জন্য সরকারি দপ্তরগুলোকে শতভাগ ধূমপানমুক্ত করতে হবে। প্রতিটি অফিসের প্রবেশমুখে দৃশ্যমান স্থানে ‘নো স্মোকিং’ সাইনবোর্ড বা পোস্টার স্থাপন নিশ্চিত করার পাশাপাশি নিয়মিত মনিটরিং করা হবে।

তিনি সংশ্লিষ্ট দপ্তরগুলোকে শিক্ষা-প্রতিষ্ঠান ও জনসমাগমপূর্ণ এলাকায় ধূমপান এবং তামাকজাত দ্রব্যের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার নির্দেশ দেন।

সভায় তিনি আরও বলেন, তামাকবিরোধী প্রচারণায় ধর্মীয় নেতাদের সম্পৃক্ত করা প্রয়োজন। মসজিদের ইমামদের মাধ্যমে তামাকের ক্ষতিকর দিক তুলে ধরে জনসচেতনতা বৃদ্ধি করা যেতে পারে। এছাড়া শিক্ষা-প্রতিষ্ঠান, হাসপাতাল, ক্লিনিক, খেলাধুলার মাঠ ও শিশু পার্কের ১০০ মিটারের মধ্যে তামাকজাত দ্রব্য বিক্রি আইনত দণ্ডনীয় অপরাধ—এ বিষয়টি ব্যাপকভাবে প্রচারের আহ্বান জানান তিনি।

দীর্ঘমেয়াদি লক্ষ্য অর্জনে প্রতি তিন মাস অন্তর স্বল্পমেয়াদি কর্মপরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের ওপরও গুরুত্বারোপ করেন বিভাগীয় কমিশনার।

সভায় অংশগ্রহণকারীরা ই-সিগারেট আমদানি বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ, সামাজিক যোগাযোগমাধ্যমে তামাকবিরোধী প্রচারণা জোরদার, খুলনা নিউমার্কেট, বিএল কলেজসহ বিভিন্ন জনসমাগমস্থল ধূমপানমুক্ত রাখা এবং নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনার বিষয়ে মতামত দেন।

সভায় অতিরিক্ত বিভাগীয় কমিশনার আবু সায়েদ মো. মনজুর আলম, বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শেখ মো. মোশাররফ হোসেন, রেঞ্জ ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার মো. কামরুল ইসলাম, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা এবং তামাকবিরোধী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।