ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরের বোয়ালমারী থানা এলাকায় অভিযান চালিয়ে একাধিক ডাকাতি মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি শফিকুল ইসলাম (৩০)–কে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১০।
রোববার (২১ জুন) রাত আনুমানিক ৯টা ২০ মিনিটের দিকে র্যাব-১০, সিপিসি-৩ (ফরিদপুর ক্যাম্প)-এর একটি দল বোয়ালমারী থানার ডোবরা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত শফিকুল ইসলাম ফরিদপুর জেলার কোতোয়ালি থানার বঙ্গেশ্বরদী তালতলা এলাকার ইসরাইলের ছেলে।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এবং আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান নিশ্চিত করে অভিযান চালানো হয়।
তদন্ত সূত্রে জানা যায়, শফিকুল ইসলামের বিরুদ্ধে ২০২০ সালের ২৮ ফেব্রুয়ারি কোতোয়ালি থানায় দায়ের করা একটি ডাকাতি প্রস্তুতি মামলায় (মামলা নং-৭২) আদালত ৫ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা করেন। একই বছরের ৯ এপ্রিল দায়ের করা আরেকটি ডাকাতি মামলায় (মামলা নং-০৮) তাকে আরও ৫ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। দুই মামলায় তার মোট ১০ বছরের সাজা রয়েছে।
র্যাব-১০-এর সিনিয়র সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) তপন সরকার জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে শফিকুল স্বীকার করেছে যে, রায় ঘোষণার পর থেকে সে আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিল।
গ্রেফতার আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

