পলাশ (নরসিংদী) প্রতিনিধি
নরসিংদীর পলাশ উপজেলার ছোট তারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবগঠিত পরিচালনা কমিটির (School Managing Committee) পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২২ জুন) বিদ্যালয়ের মূল মিলনায়তনে উৎসবমুখর ও আন্তরিক পরিবেশে এ সভা অনুষ্ঠিত হয়। দুপুর ২টায় পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে সভার কার্যক্রম শুরু হয়।
সভায় প্রধান শিক্ষক মো. মামুন ফেরদৌস উপস্থিত সকলকে স্বাগত জানান এবং নবগঠিত পরিচালনা কমিটির সদস্যদের ফুলেল শুভেচ্ছা জানান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পলাশ উপজেলার সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট জসীমউদ্দিন মৃধা। তিনি বলেন, প্রাথমিক বিদ্যালয় হলো শিশুর প্রাতিষ্ঠানিক শিক্ষার প্রথম ধাপ, যেখানে তাদের নৈতিকতা, মানবিকতা ও মেধার ভিত্তি গড়ে ওঠে। কমিটি গঠন শুধুমাত্র আনুষ্ঠানিকতা নয়, বরং বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে কার্যকর ভূমিকা রাখার দায়িত্ব।
তিনি আরও বলেন, শিক্ষক ও অভিভাবকদের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমেই শিক্ষার মানোন্নয়ন সম্ভব।
ছোট তারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবগঠিত কমিটির সভাপতি অমিত কবির প্রান্ত বলেন, প্রতিটি শিশুই সম্ভাবনার প্রতীক। তাদের মানবিক গুণাবলি ও সততা গড়ে তুলতে শিক্ষক ও অভিভাবকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তিনি বিদ্যালয়কে একটি আধুনিক ও আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
সভায় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক প্রতিনিধি, বিদ্যোৎসাহী সদস্য এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মুক্ত আলোচনায় অভিভাবক ও শিক্ষকরা বিভিন্ন মতামত ও পরামর্শ তুলে ধরেন। পরবর্তীতে বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও শৃঙ্খলা রক্ষায় বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।
সভা শেষে প্রধান শিক্ষক ধন্যবাদ জ্ঞাপন করেন এবং দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

