বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
বরিশালের বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মীদের উদ্যোগে স্বেচ্ছাশ্রম ও নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হয়েছে।
মঙ্গলবার (২৩ জুন) সকাল ৮টায় ইউনিয়নের রাজমাথা-তুলাতালা এলাকায় এ কার্যক্রমের উদ্বোধন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল মহানগর শাখার আমির জহির উদ্দিন মুহাম্মদ বাবর।
স্থানীয় সমাজসেবক ও অবসরপ্রাপ্ত সেনা সদস্য মো. জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপাশা ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা মো. ইব্রাহিম খলিল। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ইউনিয়ন শাখার সেক্রেটারি মো. জামাল হোসেন হাওলাদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আজিজুর রহমান অলিদ এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী বাবুগঞ্জ উপজেলা শাখার আমির মো. রফিকুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন ২ নম্বর ওয়ার্ড শাখার সেক্রেটারি ডাক্তার মোক্তার হোসেন, সমাজসেবক মো. জাহিদ হাসানসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
আয়োজক সূত্রে জানা যায়, কর্মসূচির আওতায় আব্দুস সালাম আজাদীর বাড়ির সামনে থেকে সোহরাব হাওলাদারের বাড়ি পর্যন্ত রাস্তা সংস্কার, জামাল হাওলাদারের বাড়ি থেকে বটতলা পর্যন্ত রাস্তার উন্নয়ন এবং আবুল কালাম খানের বাড়ি থেকে বটতলার মূল সড়ক পর্যন্ত রাস্তার দুই পাশের জঙ্গল পরিষ্কার করা হয়।
বক্তারা বলেন, জনকল্যাণমূলক কাজে রাজনৈতিক ও সামাজিক সংগঠনগুলোর পাশাপাশি সাধারণ মানুষেরও সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। তারা এলাকার উন্নয়ন ও পরিচ্ছন্নতা রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

