ফরিদপুর প্রতিনিধি
কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি ও অপতৎপরতা প্রতিরোধে ফরিদপুরে জোরদার নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।
মঙ্গলবার (২৩ জুন) সকাল থেকে জেলা শহরের গুরুত্বপূর্ণ ও কৌশলগত পয়েন্টগুলোতে পুলিশ, র্যাব ও সেনাবাহিনীর সদস্যদের টহল ও অবস্থান দেখা গেছে। নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণে বাংলাদেশ সেনাবাহিনীর টহল দলও মাঠে সক্রিয় রয়েছে। পাশাপাশি শহরের প্রবেশপথ এবং প্রধান সড়কগুলোতে নজরদারি আরও জোরদার করা হয়েছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্র জানায়, জেলার সার্বিক শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে তারা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। যেকোনো ধরনের নাশকতা বা বিশৃঙ্খল পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় প্রস্তুতিও নেওয়া হয়েছে।
সর্বশেষ প্রাপ্ত তথ্যে জানা গেছে, সকাল থেকে জেলার কোথাও কোনো অপ্রীতিকর বা বিশৃঙ্খল ঘটনার খবর পাওয়া যায়নি। জনজীবন স্বাভাবিক রয়েছে এবং ব্যবসা-বাণিজ্যসহ দৈনন্দিন কার্যক্রম নির্বিঘ্নে চলমান আছে।

