মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জের টংগিবাড়ী উপজেলার দিঘিরপাড় বাজারে অভিযান চালিয়ে আইসক্রিমের মোড়কে উৎপাদনের তারিখ, মেয়াদোত্তীর্ণের তারিখ ও সর্বোচ্চ খুচরা মূল্য (এমআরপি) উল্লেখ না করায় একটি আইসক্রিম কারখানাকে ১০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
মঙ্গলবার (২৩ জুন) দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে দিঘিরপাড় বাজারের ‘ছোয়া আইসক্রিম ফ্যাক্টরি’ পরিদর্শন করে দেখা যায়, প্রতিষ্ঠানটির উৎপাদিত আইসক্রিমের মোড়কে উৎপাদনের তারিখ, মেয়াদোত্তীর্ণের তারিখ এবং সর্বোচ্চ খুচরা মূল্য (এমআরপি) উল্লেখ করা হয়নি। বিষয়টি ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের লঙ্ঘন হওয়ায় কারখানার ম্যানেজার সেলিম মাদবরকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় ভবিষ্যতে উৎপাদিত সব আইসক্রিমের মোড়কে উৎপাদনের তারিখ, মেয়াদোত্তীর্ণের তারিখ এবং এমআরপি স্পষ্টভাবে উল্লেখ করার নির্দেশনা দেওয়া হয়।
অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ। এ সময় তাকে সহযোগিতা করেন টংগিবাড়ী উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর আব্দুল্লাহ আল মামুন এবং টংগিবাড়ী থানা পুলিশের একটি দল।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, ভোক্তাদের স্বার্থ সংরক্ষণ এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের বাজার তদারকি ও অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।

