স্টাফ রিপোর্টার, নড়াইল
নড়াইলের লোহাগড়া উপজেলার ব্রক্ষানীনগর গ্রামে মাদক ব্যবসা ও সেবনের অভিযোগে এক ব্যক্তির বাড়িঘর ভাঙচুর করেছে ক্ষুব্ধ গ্রামবাসী। সোমবার (২২ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।
অভিযুক্ত ব্যক্তি উপজেলার নলদী ইউনিয়নের ব্রক্ষানীনগর গ্রামের হিরু শেখ। তার স্ত্রী জাহানা বেগমের বিরুদ্ধেও মাদক বিক্রির অভিযোগ রয়েছে।
স্থানীয়দের অভিযোগ, হিরু শেখ ও তার স্ত্রীর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে মাদক কেনাবেচা ও সেবনের অভিযোগ রয়েছে। এ নিয়ে এলাকাবাসী একাধিকবার প্রতিবাদ ও সতর্ক করলেও কোনো পরিবর্তন হয়নি। তাদের দাবি, মাদকের কারণে এলাকার যুবসমাজ বিপথগামী হচ্ছে এবং চুরি-ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড বৃদ্ধি পাচ্ছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাতে আলামিন নামে এক যুবক হিরু শেখের বাড়ি থেকে বের হলে এলাকাবাসীর সন্দেহ হয়। পরে তাকে জিজ্ঞাসাবাদ করলে তিনি জাহানা বেগমের কাছ থেকে গাঁজা কেনার কথা জানান বলে দাবি করেন স্থানীয়রা। বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ গ্রামবাসী হিরু শেখের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে।
খবর পেয়ে নলদী পুলিশ ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
অভিযুক্ত হিরু শেখ বলেন, “২০ থেকে ২৫ জন যুবক আমার বাড়িতে এসে অভিযোগ করে যে আমি আলামিন নামে একজনের কাছে গাঁজা বিক্রি করেছি। এরপর তারা আমার ঘরবাড়ি ভাঙচুর করে এবং আমার জামাইয়ের একটি মোটরসাইকেলও ক্ষতিগ্রস্ত করে। প্রায় পাঁচ মাস আগে আমি একটি মাদক মামলায় কারাভোগ শেষে মুক্তি পেয়েছি। এরপর থেকে এসব কর্মকাণ্ড ছেড়ে দিয়েছি।”
নলদী পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মোহাম্মদ আজিজুর রহমান বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে আমরা পৌঁছানোর আগেই বাড়িতে ভাঙচুরের ঘটনা ঘটে।”
লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুর রহমান মঙ্গলবার (২৩ জুন) সকালে বলেন, “মাদক ব্যবসার অভিযোগে একটি বাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে বলে শুনেছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।”

