আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি
শিক্ষার গুণগত মানোন্নয়ন এবং মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে বরিশালের আগৈলঝাড়ায় বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব অর্জনকারী শিক্ষার্থী, শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের উদ্যোগে আয়োজিত পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠানে এ পুরস্কার প্রদান করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিখন বনিক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. পলাশ আহমেদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মাহাবুবুর রহমান, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক সিকদার হাফিজুর রহমান, উপজেলা একাডেমিক সুপারভাইজার প্রাণ কুমার ঘটক এবং উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ফারহানা আক্তার।
এছাড়া বক্তব্য দেন শ্রেষ্ঠ বিদ্যালয় হিসেবে নির্বাচিত কোদালধোয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পুলিন চন্দ্র বাড়ৈ, শ্রেষ্ঠ কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান বারপাইকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হরিপদ সরকার, শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবে নির্বাচিত রাংতা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান, শ্রেষ্ঠ মাদ্রাসা বেলুহার নেছারিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মো. মিজানুর রহমান, শ্রেষ্ঠ কলেজ পয়সারহাট মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মো. মিজানুর রহমান এবং শ্রেষ্ঠ শিক্ষার্থী দীপ মিস্ত্রী।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন।
পরে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থী, শিক্ষক এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোর হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেওয়া হয়।
বক্তারা বলেন, একটি জ্ঞানভিত্তিক, দক্ষ ও মানবিক জাতি গঠনে মানসম্মত শিক্ষার কোনো বিকল্প নেই। শিক্ষার্থীদের মেধা, সৃজনশীলতা ও নৈতিক মূল্যবোধের বিকাশে শিক্ষক, অভিভাবক এবং সমাজের সব শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

