স্টাফ রিপোর্টার, নড়াইল
জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে নড়াইলে জেলা পর্যায়ের অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। আগামী ২৮ জুন জেলার ৩টি পৌরসভা ও ৩৯টি ইউনিয়নে প্রায় ১ লাখ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
মঙ্গলবার (২৩ জুন) দুপুরে নড়াইল সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা সিভিল সার্জন ডা. আব্দুর রশিদ। জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে এবং জেলা সিভিল সার্জন কার্যালয়ের বাস্তবায়নে অনুষ্ঠিত এ সভায় ক্যাম্পেইনের সার্বিক কর্মপরিকল্পনা উপস্থাপন করা হয়।
সভায় বক্তব্য দেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. ইসমাইল হোসেন বাপ্পী, পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন সিকদার, জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক আলিফ নূর এবং নড়াইল পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা সুদীপ্ত সিংহসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সভায় জানানো হয়, এ বছর নড়াইল জেলায় ৬ থেকে ১১ মাস বয়সী ১১ হাজার ৮৪৪ জন শিশুকে নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৮৭ হাজার ৮৮২ জন শিশুকে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।
ক্যাম্পেইন সফল করতে জেলার বিভিন্ন এলাকায় ১ হাজার ২০টি টিকাদান কেন্দ্র প্রস্তুত করা হয়েছে। এসব কেন্দ্রে দায়িত্ব পালন করবেন ২ হাজার ৪০ জন স্বেচ্ছাসেবক, ২৫০ জন মাঠকর্মী এবং ১২০ জন সুপারভাইজার।
সভায় বক্তারা বলেন, শিশুদের অন্ধত্ব প্রতিরোধ, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং পুষ্টি নিশ্চিত করতে ভিটামিন ‘এ’ ক্যাপসুল অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই নির্ধারিত দিনে অভিভাবকদের তাদের শিশুদের নিকটস্থ কেন্দ্রে নিয়ে এসে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর আহ্বান জানানো হয়।

