কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
কিশোরগঞ্জের কুলিয়ারচরে বিস্ফোরক আইনে দায়ের করা একটি মামলায় নাদিম হোসেন (৩১) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি ভৈরব বাজারস্থ রূপালী ব্যাংক শাখার সিনিয়র অফিসার হিসেবে কর্মরত।
সোমবার (২২ জুন) গভীর রাতে উপজেলার ছয়সূতী ইউনিয়নের নোয়াগাঁও এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। নাদিম হোসেন নোয়াগাঁও গ্রামের বাসিন্দা এবং নূরুল ইসলামের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ভৈরব-কিশোরগঞ্জ মহাসড়কের বাজরা বাসস্ট্যান্ড এলাকায় সংঘটিত সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে বিস্ফোরক আইনে একটি মামলা দায়ের করা হয়। বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মো. নয়ন মিয়া বাদী হয়ে গত ৩০ আগস্ট ২০২৪ মামলাটি করেন।
মামলার এজাহার অনুযায়ী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইমতিয়াজ বিন মুছা জিসানকে প্রধান আসামি করে ৮৪ জনের নাম উল্লেখ করা হয়। এছাড়া অজ্ঞাতনামা আরও ১০০ থেকে ২০০ জনকে আসামি করা হয়েছে।
তদন্তের একপর্যায়ে নাদিম হোসেনের সম্পৃক্ততার বিষয়ে তথ্য পাওয়ার পর তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছে পুলিশ। পরবর্তীতে তাকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সক্রিয় কর্মী হিসেবে সনাক্ত করা হয়েছে বলে দাবি করা হয়।
এ বিষয়ে কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আরিফ উদ্দিন বলেন, “আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সর্বোচ্চ সতর্ক রয়েছে। তদন্তে যাদের বিরুদ্ধে সংশ্লিষ্টতার তথ্য পাওয়া যাবে, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। কোনো ধরনের আইনবিরোধী কর্মকাণ্ডে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।”
গ্রেফতারের ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। মামলার তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

