নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
গাজীপুর মেট্রোপলিটনের গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)কে প্রত্যাহারের দাবি জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কেন্দ্রীয় নেতা আলী নাছের খান।
সোমবার (২২ জুন) রাত সোয়া ৮টার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, “অবিলম্বে গাছা থানার অপদার্থ ওসিকে প্রত্যাহার করুন, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের মিছিল তার প্রশ্রয়ে হয়েছে।”
পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এ নিয়ে নানা আলোচনা শুরু হয়। পোস্টের মন্তব্য ঘরেও তিনি লেখেন, “গাজীপুর মেট্রোতে দায়িত্ব পালন বাদ দিয়ে থানার ওসিদের পিকনিক করার ইচ্ছা থাকলে পঞ্চগড়, রাঙামাটি, বরগুনা গিয়ে করা উচিত।”
আলী নাছের খান এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক ও কেন্দ্রীয় নির্বাহী সদস্য। তিনি গত নির্বাচনে গাজীপুর-২ আসন থেকে দলের প্রার্থী হিসেবে অংশ নিয়েছিলেন।
এ বিষয়ে আলী নাছের খানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, বাসন থানা এলাকা থেকে একটি ঝটিকা মিছিল বের হয়ে গাছা থানা এলাকার দিকে যায়। ওই মিছিল থেকে পুলিশকে লক্ষ্য করে হুমকি দেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি। তার অভিযোগ, পুলিশ আগাম তথ্য থাকার পরও মিছিল ঠেকাতে কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি।
তিনি বলেন, “পুলিশের ন্যূনতম তৎপরতা থাকলে এ ধরনের ঘটনা ঘটতে পারত না। প্রকাশ্যে মিছিল করে পুলিশকে হুমকি দিয়ে চলে গেলেও দৃশ্যমান কোনো ব্যবস্থা দেখা যায়নি। এ ধরনের নির্লিপ্ত কর্মকর্তাদের স্পর্শকাতর এলাকায় দায়িত্ব পালনের যৌক্তিকতা নেই। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত।”
অন্যদিকে অভিযোগের বিষয়ে গাছা থানার ওসি বলেন, “তিনি (আলী নাছের খান) লোকজন নিয়ে থানায় এসেছিলেন। আমার সঙ্গে কথা বলেছেন, নাস্তা খেয়ে চলে গেছেন। এরপর থানার বাইরে গিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন। কেন এমন করেছেন, তা আমার জানা নেই।”
এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে পক্ষে-বিপক্ষে বিভিন্ন মতামত প্রকাশ করছেন ব্যবহারকারীরা। তবে বিষয়টি নিয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

