কালকিনি ও ডাসার (মাদারীপুর) প্রতিনিধি
মাদারীপুরের কালকিনি উপজেলায় জান্নাত খানম (১৪) নামে এক মাদ্রাসা শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৩ জুন) বিকেলে উপজেলার পূর্ব শিকারমঙ্গল গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত জান্নাত খানম পূর্ব শিকারমঙ্গল গ্রামের ইলিয়াস মাতুব্বরের মেয়ে এবং স্থানীয় শিকারমঙ্গল সিনিয়র মাদ্রাসার শিক্ষার্থী।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, বিকেলে পরিবারের সদস্যরা জান্নাতকে ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় ঝুলতে দেখেন। পরে স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানালে ঘটনাস্থলে গিয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।
পরিবারের সদস্যদের ধারণা, পারিবারিক অভিমানের জেরে এ ঘটনা ঘটতে পারে। তবে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি।
কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আলম বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করা হয়েছে। কী কারণে ওই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।”
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

