Nabadhara
ঢাকাশনিবার , ২৭ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বালিয়াডাঙ্গীতে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নারী নিহত, আহত ২

বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি
জুন ২৭, ২০২৬ ৬:৫৮ অপরাহ্ণ
Link Copied!

বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী-নেকমরদ মহাসড়কে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সুধ বালা (৪৮) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় তার ছেলে ও বোন গুরুতর আহত হয়েছেন।

শনিবার (২৭ জুন) বিকেলে উপজেলার লোলপুকুর ডিএম উচ্চ বিদ্যালয় সংলগ্ন মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সুধ বালা উপজেলার পাড়িয়া ইউনিয়নের পাড়িয়া গ্রামের ধীরেন সিংহের স্ত্রী। আহতরা হলেন তার ছেলে সারজেন সিংহ এবং বোন ধনতলা ইউনিয়নের বানাগাঁও গ্রামের মেজানি রানী।

স্থানীয় সূত্রে জানা যায়, ভাতিজির বাড়িতে বিয়ের অনুষ্ঠানের অতিথি আনতে মোটরসাইকেলে করে তিনজন নেকমরদের দিকে যাচ্ছিলেন। পথে লোলপুকুর ডিএম উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং ট্রাকটি সড়কের পাশে খাদে পড়ে যায়।

দুর্ঘটনায় ঘটনাস্থলেই সুধ বালার মৃত্যু হয়। আহত হন তার ছেলে সারজেন সিংহ ও বোন মেজানি রানী। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা তাদের উদ্ধার করে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসক তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

আহত মেজানি রানীর স্বামী বিনত সিংহ বলেন, “আমার স্ত্রীসহ তিনজন ভাতিজির বিয়ের অনুষ্ঠানের অতিথি আনতে যাচ্ছিলেন। পথে এই দুর্ঘটনা ঘটে।”

দুর্ঘটনার পর ট্রাকের চালক ও হেলপার পালানোর চেষ্টা করলে স্থানীয়রা তাদের আটক করে পুলিশের হাতে তুলে দেন।

বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। স্থানীয়রা ট্রাকের চালক ও হেলপারকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।