Nabadhara
ঢাকামঙ্গলবার , ৩০ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

রাজধানীতে পাহাড়ি ফলের বাজার সম্প্রসারণ ও কোল্ড স্টোরেজ স্থাপনের ঘোষণা পার্বত্য সচিবের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা 
জুন ৩০, ২০২৬ ১২:০৭ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক, ঢাকা 

রাজধানী ঢাকায় পার্বত্য অঞ্চলের কেমিক্যালমুক্ত ও সুস্বাদু ফলের বাজার সম্প্রসারণ, প্রদর্শন, বিপণন ও সংরক্ষণে প্রয়োজনীয় সব ধরনের সুযোগ-সুবিধা নিশ্চিত করার ঘোষণা দিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মিজানুর রহমান। একই সঙ্গে তিনি জানান, প্রতিমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী তিন পার্বত্য জেলার প্রতিটি উপজেলায় একটি করে কোল্ড স্টোরেজ (হিমাগার) স্থাপন করা হবে।

সোমবার (২৯ জুন) রাজধানীর বেইলি রোডে পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্সের অডিটোরিয়ামে আয়োজিত তিন দিনব্যাপী ‘পাহাড়ি ফল মেলা-২০২৬’-এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মনিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন যুগ্মসচিব কংকন চাকমা, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা এবং রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা খোন্দকার রিজাউল করিম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপসচিব মোঙ্গল চন্দ্র পাল।

সচিব মোহাম্মদ মিজানুর রহমান বলেন, পাহাড়ি ফল মেলা সফলভাবে আয়োজনের পেছনে সংশ্লিষ্ট সবার আন্তরিক সহযোগিতা ছিল। এবারের মেলায় তিন পার্বত্য জেলার উদ্যোক্তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অত্যন্ত আশাব্যঞ্জক। ভবিষ্যতে মেলার ছোটখাটো সীমাবদ্ধতা দূর করে আরও পরিচ্ছন্ন ও সুশৃঙ্খল পরিবেশে আয়োজন করা হবে।

তিনি মেলা প্রাঙ্গণে স্থানীয় শিল্পীদের পরিবেশিত ঐতিহ্যবাহী সাংস্কৃতিক অনুষ্ঠানগুলোরও প্রশংসা করেন।

অনুষ্ঠানে উদ্যোক্তাদের পক্ষে রাঙ্গামাটির ‘জুম ঘর’-এর স্বত্বাধিকারী বিনীতা চাকমা, বান্দরবানের চংরেং ম্রো এবং খাগড়াছড়ির কংকনা চাকমা মেলায় অংশগ্রহণ ও ফল বিক্রির সুযোগে সন্তোষ প্রকাশ করেন। পরে সেরা উদ্যোক্তাদের মধ্যে বিশেষ পুরস্কার বিতরণ করা হয়।

উল্লেখ্য, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে গত ২৭ থেকে ২৯ জুন পর্যন্ত বেইলি রোডের পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্স প্রাঙ্গণে ‘পাহাড়ি ফল মেলা-২০২৬’ অনুষ্ঠিত হয়। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলাটি সবার জন্য উন্মুক্ত ছিল।

মেলায় তিন পার্বত্য জেলা থেকে আসা উদ্যোক্তারা ৩০টি স্টলে পাহাড়ের বিভিন্ন মৌসুমি ও কেমিক্যালমুক্ত ফল, যেমন—আম, আনারস, কাঁঠাল, কলা, রাম্বুটান, বুনো রক্তফল (রসকো) এবং বুনোবেলসহ নানা ধরনের দেশীয় ও দুর্লভ পাহাড়ি ফল প্রদর্শন ও বিক্রি করেন। আয়োজকদের মতে, দর্শনার্থীদের ব্যাপক সাড়া ও কেনাকাটায় এবারের পাহাড়ি ফল মেলা সফলভাবে সম্পন্ন হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।