আবিদ হাসান, মানিকগঞ্জ প্রতিনিধি
মানিকগঞ্জের শিবালয় উপজেলার আলোকদিয়া এবং দৌলতপুর উপজেলার বাঁচামারা ও চরকাটারি এলাকায় ইজারাকৃত বালুমহালের বাইরে অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মানিকগঞ্জ জেলা শাখা।
বুধবার (১ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে মানিকগঞ্জ শহরের শহীদ রফিক চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, অবৈধ বালু উত্তোলনের কারণে নদীভাঙন বৃদ্ধি পাচ্ছে এবং কৃষিজমি, বসতবাড়ি, গ্রামীণ সড়ক ও গুরুত্বপূর্ণ অবকাঠামো হুমকির মুখে পড়েছে। এছাড়া ৩৩ কেভি বিদ্যুৎ লাইনের ৭ ও ৮ নম্বর পিলার ঝুঁকিতে থাকায় জননিরাপত্তা নিয়ে উদ্বেগ সৃষ্টি হয়েছে। দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে বলে তারা আশঙ্কা প্রকাশ করেন।
এনসিপির মানিকগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মো. আরিফুল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে জেলার বিভিন্ন নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে নদীর স্বাভাবিক প্রবাহ ব্যাহত হচ্ছে। এতে নদীভাঙন তীব্র হচ্ছে এবং কৃষিজমি, শিক্ষা প্রতিষ্ঠান, সড়কসহ গুরুত্বপূর্ণ স্থাপনা ঝুঁকির মধ্যে পড়ছে। পাশাপাশি বালুবাহী ভারী যানবাহনের কারণে গ্রামীণ সড়কের ব্যাপক ক্ষতি হচ্ছে, যা জনদুর্ভোগ ও দুর্ঘটনার আশঙ্কা বাড়াচ্ছে।
মানববন্ধন থেকে অবিলম্বে অবৈধ বালু উত্তোলন বন্ধ, জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ, নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা, ক্ষতিগ্রস্ত অবকাঠামো ও ঝুঁকিপূর্ণ বিদ্যুৎ লাইন সংস্কার এবং ফসলি জমি ও জনবসতি রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়।
জেলা শাখার যুগ্ম সদস্য সচিব কাজী মাসুকুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন জেলা শাখার যুগ্ম আহ্বায়ক কাজী হারুন-রশিদ পিন্টু। কর্মসূচি শেষে আট দফা দাবিসংবলিত একটি স্মারকলিপি জেলা প্রশাসকের কাছে জমা দেন এনসিপির নেতারা।

