দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তসহ বিভিন্ন সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) পরিচালিত পৃথক অভিযানে প্রায় ৪৬ লাখ ১৯ হাজার টাকার ভারতীয় মাদক, মাদকদ্রব্য ও চোরাচালানি পণ্য উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (৭ জুলাই) দুপুর ১টার দিকে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বিজিবি সূত্রে জানা যায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার ভোর ৫টার দিকে কুষ্টিয়া ব্যাটালিয়নের অধীন চিলমারী বিওপির দায়িত্বপূর্ণ শান্তিপাড়া এলাকায় অভিযান চালানো হয়। এ সময় মালিকবিহীন অবস্থায় ২৮ বোতল ভারতীয় মদ, ৯ লিটার দেশীয় মদ, ১ হাজার পিস ডেক্সামেথাসন ট্যাবলেট এবং ১ হাজার পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট উদ্ধার করা হয়।
এছাড়া সোমবার রাত ৯টা ২৫ মিনিটের দিকে পশ্চিম ধর্মদাহ বিওপির দায়িত্বপূর্ণ পশ্চিম ধর্মদাহ মাঠে অভিযান চালিয়ে ১৫ বোতল ভারতীয় মদ, ১ হাজার ৪৬০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট, ১ হাজার ৫০০ পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট এবং ৭৮ প্যাকেট পাতার বিড়ি উদ্ধার করা হয়।
একই দিন দুপুর আড়াইটার দিকে কাজীপুর বিওপির দায়িত্বপূর্ণ কালাইপোড়া মাঠে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ১০ হাজার ৩০০ পিস ভারতীয় চকলেট বাজি, ২ হাজার ৪০০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট এবং ৬ হাজার ৯৪০ পিস সিপ্রোহেপ্টাডিন হাইড্রোক্লোরাইড ট্যাবলেট জব্দ করা হয়।
বিজিবি জানায়, পৃথক এসব অভিযানে উদ্ধার হওয়া মাদক, মাদকদ্রব্য ও চোরাচালানি পণ্যের মোট সিজার মূল্য ৪৬ লাখ ১৮ হাজার ৯৯০ টাকা।
কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) জানায়, সীমান্ত এলাকায় মাদক, চোরাচালান ও অন্যান্য অবৈধ কার্যক্রম প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত থাকবে এবং দেশের সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সর্বদা তৎপর রয়েছে।

