স্টাফ রিপোর্টার, নড়াইল
নড়াইলে জুলাই আন্দোলনে অংশগ্রহণকারী শিক্ষার্থী ও জুলাই যোদ্ধাদের মারধরের জন্য সামাজিক যোগাযোগমাধ্যমে পুরস্কার ঘোষণার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ১১ জনের নাম উল্লেখ করে নড়াইল সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা শাখার সদস্য সচিব আমিরুল ইসলাম রানা।
সোমবার (৬ জুলাই) রাতে তিনি এ অভিযোগ দায়ের করেন।
অভিযোগে বলা হয়, অভিযুক্তরা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে উসকানিমূলক পোস্ট, ভুয়া ভিডিও এবং জুলাই আন্দোলনে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মারধর করতে পারলে ১ লাখ, ২ লাখ ও ৫ লাখ টাকা পর্যন্ত পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন বলে অভিযোগ করা হয়েছে।
অভিযোগে যাদের নাম উল্লেখ করা হয়েছে তারা হলেন—বঙ্গবন্ধু জাতীয় পরিষদ নড়াইলের সিনিয়র সহ-সভাপতি মিজানুর রহমান নয়ন, সহ-সভাপতি সৌরভ কর্মকার, লোহাগড়া উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সজিবুল ইসলাম হৃদয়, শাহাদাত হোসেন রায়হান, ইমন শিকদার, মিলন জমাদ্দার, মো. ইস্রাফিল, মো. সজীব চৌধুরী, এস কে আসলাম, আব্দুল্লাহ আল জাবের লোটাস ও জুবায়ের শেখ।
আমিরুল ইসলাম রানা বলেন, “জুলাই মাস এলেই একটি পক্ষ বিভিন্ন ধরনের গুজব ও হুমকি ছড়ানোর চেষ্টা করছে। সম্প্রতি আমার ওপর হামলা হয়েছে বলে মিথ্যা তথ্যও প্রচার করা হয়েছে।”
তবে অভিযোগ অস্বীকার করে আব্দুল্লাহ আল জাবের লোটাস বলেন, “যাদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে তাদের কাউকে আমি চিনি না। যারা অভিযোগ করেছেন, তাদেরও আমি চিনি না। কাউকে মারধর করতে অর্থ পুরস্কার ঘোষণা করার প্রশ্নই ওঠে না।”
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুমার কুন্ডু বলেন, লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
জেলা পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদার বলেন, “ভুক্তভোগীরা থানায় অভিযোগ দিয়েছেন। তদন্তের মাধ্যমে অভিযোগের সত্যতা যাচাই করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

