সাইফুল ইসলাম,বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
দীর্ঘ বিরতির পর অনুষ্ঠিত ২০২৬ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বরিশালের বাবুগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী বাবুগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় অভাবনীয় সাফল্য অর্জন করেছে। বিদ্যালয়টি থেকে পরীক্ষায় অংশ নেওয়া ৪৬ শিক্ষার্থীর মধ্যে ১৫ জন ট্যালেন্টপুলে এবং ৩ জন সাধারণ গ্রেডে বৃত্তি লাভ করেছে। একক প্রতিষ্ঠান হিসেবে এটি উপজেলার সর্বোচ্চ সাফল্যগুলোর একটি।
১৯৭৩ সালে প্রতিষ্ঠিত বিদ্যালয়টি প্রতিষ্ঠালগ্ন থেকেই মানসম্মত শিক্ষা, নৈতিক মূল্যবোধ ও আদর্শ নাগরিক গড়ে তোলার লক্ষ্যে শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে। বর্তমানে বিদ্যালয়টিতে প্রায় ৬০০ শিক্ষার্থী অধ্যয়ন করছে। তাদের পাঠদানে নিয়োজিত রয়েছেন ১৭ জন শিক্ষক-শিক্ষিকা।
বিদ্যালয়টির গৌরবোজ্জ্বল ইতিহাসে ২০০২ সালে জাতীয় পর্যায়ে বাংলাদেশের শ্রেষ্ঠ সরকারি প্রাথমিক বিদ্যালয় হিসেবে প্রথম স্থান অর্জনের কৃতিত্ব রয়েছে। সে সময় তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার হাত থেকে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি গ্রহণ করেন বিদ্যালয়ের তৎকালীন প্রধান শিক্ষক মোহাম্মদ নুরুল হক।
বর্তমান প্রধান শিক্ষক মোসা. আমেনা বেগমের নেতৃত্বে শিক্ষার গুণগত মানোন্নয়ন, শৃঙ্খলা, সহশিক্ষা কার্যক্রম এবং শিক্ষার্থীদের নৈতিক বিকাশে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। এরই ধারাবাহিকতায় এবারের বৃত্তি পরীক্ষায় প্রতিষ্ঠানটি উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে।
প্রধান শিক্ষক মোসা. আমেনা বেগম বলেন, “এই সাফল্য শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং বিদ্যালয় পরিচালনা কমিটির সম্মিলিত প্রচেষ্টার ফল। ভবিষ্যতেও শিক্ষার মান আরও উন্নত করতে আমরা আন্তরিকভাবে কাজ করে যাব।”
বাবুগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, ২০২৬ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় উপজেলায় সরকারিভাবে ট্যালেন্টপুলে ৩৬ জন, বেসরকারিভাবে ট্যালেন্টপুলে ৩ জন, সরকারিভাবে সাধারণ গ্রেডে ৩০ জন এবং বেসরকারিভাবে সাধারণ গ্রেডে ৫ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করেছে।
এর মধ্যে বাবুগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় একাই ট্যালেন্টপুলে ১৫ জন এবং সাধারণ গ্রেডে ৩ জন শিক্ষার্থী বৃত্তি অর্জন করে উপজেলার শিক্ষা অঙ্গনে নতুন করে সাফল্যের স্বাক্ষর রেখেছে।
শিক্ষাবিদদের মতে, বিদ্যালয়টির দীর্ঘদিনের ঐতিহ্য, দক্ষ শিক্ষক-শিক্ষিকাদের নিরলস প্রচেষ্টা, শিক্ষার্থীদের নিয়মিত পরিচর্যা এবং অভিভাবকদের সহযোগিতার ফলেই এ সাফল্যের ধারাবাহিকতা বজায় রয়েছে। এবারের ফলাফল সেই গৌরবোজ্জ্বল ইতিহাসে আরও একটি উজ্জ্বল সংযোজন।

