আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি
বরিশালের আগৈলঝাড়া থানায় হামলা, ভাঙচুর এবং কর্তব্যরত পুলিশ সদস্যদের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় প্রধান এজাহারভুক্ত আসামিসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন মামলার ১ নম্বর এজাহারভুক্ত আসামি ইদ্রিস ফকির, ৩০ নম্বর এজাহারভুক্ত আসামি রাব্বি ফকির, ৩৭ নম্বর এজাহারভুক্ত আসামি ইয়াসিন আক্তার, তদন্তে শনাক্ত আসামি হাসিনা বেগম (৪৫) এবং এজাহারভুক্ত আসামি নুরু মিয়া। হাসিনা বেগম প্রধান আসামি ইদ্রিস ফকিরের স্ত্রী। তাদের বাড়ি বরিশালের আগৈলঝাড়া উপজেলার ফুলশ্রী এলাকায়।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (১১ জুলাই) রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ইদ্রিস ফকিরসহ চারজনকে গ্রেপ্তার করে। পরে আগৈলঝাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদের নেতৃত্বে একটি দল তাদের ডিবি হেফাজত থেকে গ্রহণ করে থানায় নিয়ে আসে।
এদিকে রোববার সকালে উজিরপুর থানা পুলিশ এজাহারভুক্ত আসামি নুরু মিয়াকে গ্রেপ্তার করে। পরে রোববার (১২ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে গ্রেপ্তার হওয়া পাঁচ আসামিকে বরিশালের আদালতে হাজির করা হলে আদালত তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খান জানান, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সহযোগিতায় মামলার প্রধান এজাহারভুক্ত আসামিসহ চারজনকে ঢাকা থেকে গ্রেপ্তার করে আগৈলঝাড়ায় আনা হয়েছে। এছাড়া নুরু মিয়াকে পৃথক অভিযানে গ্রেপ্তার করা হয়েছে। আদালতের মাধ্যমে পাঁচজনকেই কারাগারে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, মামলার এজাহারভুক্ত ও তদন্তে শনাক্ত অন্যান্য পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

