অশোক মুখার্জি,কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর কলাপাড়ায় কোচিং সেন্টারে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হওয়ার পর ১২ দিন ধরে নিখোঁজ রয়েছে মরিয়ম (১৪) নামে এক অষ্টম শ্রেণির শিক্ষার্থী। তাকে খুঁজে না পাওয়ায় পরিবারে চরম উৎকণ্ঠা বিরাজ করছে। এ ঘটনায় মহিপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
নিখোঁজ মরিয়ম উপজেলার মহিপুর ইউনিয়নের নজিবপুর গ্রামের বাসিন্দা এবং মহিপুর কো-অপারেটিভ মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।
পরিবার সূত্রে জানা গেছে, গত ৩০ জুন দুপুরে স্কুলব্যাগ নিয়ে কোচিং সেন্টারে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয় মরিয়ম। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে পরিবার পুলিশে জিডি করে।
মরিয়মের বাবা জাহাঙ্গীর শিকদার জানান, সিসিটিভি ফুটেজে দেখা গেছে, মরিয়ম বারবার পেছনে তাকিয়ে দ্রুত হেঁটে যাচ্ছিল। এতে পরিবারের সন্দেহ, কেউ হয়তো তাকে অনুসরণ করছিল। তিনি বলেন, সম্ভাব্য সব দিক খতিয়ে দেখা হয়েছে। প্রেমের সম্পর্ক বা অন্য কোনো বিষয়ে এখন পর্যন্ত কোনো তথ্য পাওয়া যায়নি।
মরিয়মের মা পারুল বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমার মেয়ে নিয়মিত নামাজ পড়ত এবং বোরকা পরে চলাফেরা করত। সে কখনো বিনা কারণে বাড়ির বাইরে থাকেনি। আমরা শুধু চাই, আমাদের মেয়েকে জীবিত ফিরে পাই।”
মহিপুর কো-অপারেটিভ মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বাণী কান্ত শিকদার বলেন, শিক্ষার্থীর নিখোঁজের ঘটনায় বিদ্যালয় কর্তৃপক্ষ উদ্বিগ্ন। পরিবারকে সহযোগিতা করার পাশাপাশি বিভিন্নভাবে তার সন্ধানের চেষ্টা চালানো হচ্ছে।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামিম হাওলাদার জানান, পরিবারের পক্ষ থেকে জিডি করা হয়েছে। পুলিশ বিষয়টিকে গুরুত্বের সঙ্গে তদন্ত করছে এবং শিক্ষার্থীকে উদ্ধারে সর্বাত্মক চেষ্টা অব্যাহত রয়েছে।
নিখোঁজ শিক্ষার্থীর সন্ধান পেলে নিকটস্থ থানায় বা মহিপুর থানার সঙ্গে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

