আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি
বরিশালের আগৈলঝাড়া থানায় হামলা, ভাঙচুর এবং কর্তব্যরত পুলিশ সদস্যদের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় আরও দুই আসামিকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এ নিয়ে মামলাটিতে মোট গ্রেপ্তার হওয়া আসামির সংখ্যা দাঁড়িয়েছে ২৭ জন।
পুলিশ জানায়, এজাহারভুক্ত আসামি শাহাদাৎ হোসেন রানাকে মঙ্গলবার রাতে ঢাকার হাজারীবাগ এলাকা থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) গ্রেপ্তার করে। একই দিন আগৈলঝাড়া উপজেলার ফুল্লশ্রী গ্রামের নিজ বাড়ি থেকে সৃজন নামে আরেক আসামিকে গ্রেপ্তার করা হয়। তাদের দুজনেরই বাড়ি উপজেলার ফুল্লশ্রী এলাকায়।
পরে আগৈলঝাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদের নেতৃত্বে পুলিশের একটি দল ডিবির হেফাজত থেকে শাহাদাৎ হোসেন রানাকে গ্রহণ করে থানায় নিয়ে আসে।
বুধবার দুপুরে গ্রেপ্তার হওয়া দুই আসামিকে বরিশালের আদালতে হাজির করা হলে আদালত তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খান বলেন, ডিবি পুলিশের সহযোগিতায় মামলার এক আসামিকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার দুই আসামিকেই আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, আগৈলঝাড়া থানায় হামলার ঘটনায় দায়ের করা মামলায় এ পর্যন্ত এজাহারভুক্ত মোট ২৭ জন আসামিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

