Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১৬ জুলাই ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

দেশের বিভিন্ন স্থানে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক, নবধারা 
জুলাই ১৬, ২০২৬ ২:৩৮ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক, নবধারা 

বৃহস্পতিবার (১৬ জুলাই ২০২৬) সারাদেশে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস-২০২৬ পালিত হয়েছে। উপজেলা ও জেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা, পুষ্পস্তবক অর্পণ, দোয়া মাহফিল ও স্মরণ অনুষ্ঠানের মাধ্যমে ২০২৪ সালের জুলাই আন্দোলনে শহীদদের আত্মত্যাগকে স্মরণ করা হয়। বক্তারা শহীদদের অবদানকে চিরস্মরণীয় করে রাখার আহ্বান জানান এবং আহত যোদ্ধা ও শহীদ পরিবারের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দেন।

বাবুগঞ্জ (বরিশাল):বাবুগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা উল হুসনার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোসা. কামরুন্নাহার তামান্না, জামায়াত আমির মুহাম্মদ রফিকুল ইসলাম, বিএনপি নেতা আব্দুল করিম হাওলাদারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জুলাই যোদ্ধা ও সাংবাদিকবৃন্দ। ইউএনও আসমা উল হুসনা শহীদ আবু সাঈদ ও ফয়সল আহমেদ শান্তসহ সকল শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, জুলাই যোদ্ধাদের যেকোনো প্রয়োজনে প্রশাসন পাশে থাকবে।

ঝালকাঠি:জেলা প্রশাসনের উদ্যোগে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ভারপ্রাপ্ত পুলিশ সুপার মামুন আল ইসলাম, সিভিল সার্জন ডা. মোহাম্মদ হুমায়ুন কবির, অতিরিক্ত জেলা প্রশাসক মো. কাওছার হোসেন, জামায়াত আমির অ্যাডভোকেট হাফিজুর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জুলাই শহীদ পরিবার ও রাজনৈতিক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

দেবহাটা (সাতক্ষীরা) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা হয়। ইউএনও মিলন সাহার সভাপতিত্বে বক্তব্য রাখেন থানার ওসি আব্দুল আলিম, বিএনপি নেতা মহিউদ্দিন সিদ্দিকী, জামায়াত আমীর মাওলানা অলিউল ইসলাম, শহীদ আসিফের পিতা মাহমুদ আলমসহ বিভিন্ন নেতৃবৃন্দ। শহীদ আসিফসহ সকল জুলাই শহীদকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।

দুর্গাপুর(রাজশাহী)

রাজশাহী দুর্গাপুরে গভীর শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে পালিত হলো ‘জুলাই শহিদ দিবস-২০২৬’। এ উপলক্ষে বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিনি হলরুমে উপজেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হয় এক স্মরণসভা। স্মরণসভার শুরুতেই শহিদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে তাঁদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

 

খালিয়াজুড়ি (নেত্রকোনা): উপজেলা প্রশাসনের উদ্যোগে জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় শহিদদের আত্মত্যাগের চেতনায় বৈষম্যমুক্ত সমাজ গঠনের আহ্বান জানানো হয়।

মাদারগঞ্জ (জামালপুর): উপজেলা প্রশাসনের আয়োজনে জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে জুলাই শহিদদের আত্মত্যাগ স্মরণ এবং শহিদ পরিবার ও আহতদের কল্যাণে কাজ করার আহ্বান জানানো হয়।

কাউনিয়া (রংপুর): উপজেলা প্রশাসনের উদ্যোগে জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে শহিদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং পরে জুলাই যোদ্ধা, শহিদ পরিবারের সদস্য ও শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়।

আত্রাই (নওগাঁ): উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইউএনও মো. মনিরুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য রাখেন স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদ খায়রুল আলম, থানার ওসি মো. মাহবুব আলম, কৃষি কর্মকর্তা প্রসেনজিৎ তালুকদারসহ প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দ। ইউএনও বলেন, শহীদদের আত্মত্যাগ জাতীয় ইতিহাসের গৌরবোজ্জ্বল অধ্যায়।

কালকিনি: উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিছুর রহমান তালুকদার খোকন। ইউএনও সাইফ উল আরেফীনের সভাপতিত্বে সভায় শহীদ পরিবারের সদস্যরা আবেগঘন বক্তব্য দেন। এমপি খোকন বলেন, “জুলাই নিয়ে কখনও বিতর্ক করা যাবে না”। তিনি শহীদ আবু সাঈদসহ সকল শহীদের প্রতি শ্রদ্ধা জানান এবং তারেক রহমানকে নির্যাতিত মানুষের প্রতিনিধি হিসেবে উল্লেখ করেন।

ফরিদপুর:জেলা প্রশাসক মোঃ মাজহারুল ইসলাম ও পুলিশ সুপার মোঃ শাহরিয়ার হোসেন মিয়াজীর নেতৃত্বে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, ছাত্র সংগঠন ও রাজনৈতিক দল শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে।

সকল অনুষ্ঠানে জুলাই আন্দোলনের শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করে দোয়া করা হয়। বক্তারা নতুন প্রজন্মকে শহীদদের আদর্শ, সাহস ও দেশপ্রেমে অনুপ্রাণিত হওয়ার আহ্বান জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।