Nabadhara
ঢাকাশুক্রবার , ১৭ জুলাই ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

জাল দলিল ব্যবহার করে নামজারির চেষ্টা: বাবুগঞ্জে বিএনপি নেতাসহ ৪ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
জুলাই ১৭, ২০২৬ ২:১৯ অপরাহ্ণ
Link Copied!

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি

বরিশালের বাবুগঞ্জে জাল দলিল ব্যবহার করে নামজারি (মিউটেশন) করার চেষ্টার অভিযোগে স্থানীয় এক বিএনপি নেতাসহ চারজনের বিরুদ্ধে মামলা হয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

মামলার এজাহার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে অভিযুক্তরা বাবুগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কামরুন্নাহার তামান্নার কার্যালয়ে একটি দলিলের ভিত্তিতে নামজারির আবেদন করেন। দলিলটি পর্যালোচনার সময় সন্দেহ হলে তাৎক্ষণিকভাবে কাগজপত্র যাচাই করা হয়। প্রাথমিক যাচাইয়ে দলিলটি জাল বলে প্রতীয়মান হলে বিষয়টি বাবুগঞ্জ থানাকে জানানো হয়।

পরে মাধবপাশা ইউনিয়ন ভূমি অফিসের সহকারী ভূমি কর্মকর্তা মো. মিজানুর রহমান বাদী হয়ে বাবুগঞ্জ থানায় নিয়মিত মামলা দায়ের করেন। বাবুগঞ্জ থানার মামলা নং-৬-এ ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩-এর ৪, ৫, ৬(২) ও ১৬ ধারায় অভিযোগ আনা হয়েছে।

মামলার আসামিরা হলেন—মো. নাঈম (৩৫), মো. নূর ইসলাম মোল্লা (৫৭), মো. আব্দুর রহিম (৫৫) ও মো. তোফাজ্জেল হোসেন টিয়া (৬০)। তারা সবাই বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়নের হাদীবাঁশকাঠী গ্রামের বাসিন্দা। অভিযুক্ত আব্দুর রহিম স্থানীয় ইউনিয়ন বিএনপির ৪ নম্বর ওয়ার্ডের সহ-সভাপতি।

স্থানীয় সূত্রের দাবি, আব্দুর রহিম দীর্ঘদিন ধরে ইউনিয়ন ভূমি অফিসে বিভিন্ন ধরনের দালালি ও তদবিরের সঙ্গে জড়িত। এছাড়া নামজারি করে দেওয়ার আশ্বাস দিয়ে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে অর্থ নেওয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্তদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

বাবুগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কামরুন্নাহার তামান্না বলেন, “নামজারি, ভুয়া দলিল কিংবা ভূমি-সংক্রান্ত বিষয়ে কেউ যদি প্রতারণা বা দালালির মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা করে, তাহলে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান হাওলাদার জানান, জাল দলিল ব্যবহার করে প্রতারণার মাধ্যমে নামজারির চেষ্টার অভিযোগে চারজনকে আসামি করে মামলা হয়েছে। এর মধ্যে তিনজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অপর আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।