মো. হাসিবুল আলম, সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
টাঙ্গাইলের সখীপুরে বেপরোয়া গতির একটি মোটরসাইকেলের ধাক্কায় জয়নাল আবেদিন (৬০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৮ জুলাই) বেলা ১১টার দিকে উপজেলার শোলা প্রতিমা বাজার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, শোলা প্রতিমা গ্রামের বাসিন্দা কৃষক জয়নাল আবেদিন গরুর জন্য ঘাস কাটতে সড়কের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির মোটরসাইকেল তাকে সজোরে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, দুর্ঘটনার সময় মোটরসাইকেলটিতে চারজন আরোহী ছিলেন এবং সেটি অতিরিক্ত গতিতে ঝুঁকিপূর্ণভাবে চলছিল। তাদের ধারণা, অতিরিক্ত গতি ও অসতর্কভাবে মোটরসাইকেল চালানোর কারণেই এ দুর্ঘটনা ঘটে।
নিহত জয়নাল আবেদিন উপজেলার শোলা প্রতিমা গ্রামের গুঞ্জর আলীর ছেলে।
সখীপুর থানার উপপরিদর্শক (এসআই) আবুল কালাম জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। নিহতের পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

