খালিয়াজুরী (নেত্রকোনা) প্রতিনিধি
নেত্রকোনার খালিয়াজুরী উপজেলায় বন্যা মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধি, আগাম প্রস্তুতি জোরদার এবং দুর্যোগকালীন করণীয় সম্পর্কে স্থানীয় জনগণকে সচেতন করতে ‘বন্যা পূর্বপ্রস্তুতি ও আগাম সাড়াদান মহড়া’ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৯ জুলাই) সকাল ১১টায় উপজেলা পরিষদের ভূমি অফিস সংলগ্ন মাঠে খালিয়াজুরী সদর ইউনিয়ন পরিষদ দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির আয়োজনে এ মহড়া অনুষ্ঠিত হয়। এতে সার্বিক সহযোগিতা করে বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) এবং বাস্তবায়নে ছিল সেন্টার ফর ন্যাচারাল রিসোর্স স্টাডিজ (সিএনআরএস)।
উপজেলা কো-অর্ডিনেটর মো. ফয়সাল আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খালিয়াজুরী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম আবু ইসহাক। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অলিদুজ্জামান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. রহুল আমিন এবং খালিয়াজুরী থানা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান তালুকদার কেষ্ট।
এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. ফুল মিয়া, সদর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড সদস্য রিয়াজউদ্দিন তালুকদার সুখন, মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌস আরা, ৪ নম্বর ওয়ার্ড সদস্য মো. মজলু মিয়া, সিএনআরএস-এসআরএসপি প্রকল্পের এপিসি মো. জিয়াউর রহমান এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রীতি ভূষণ দাশ।
বক্তারা বলেন, নেত্রকোনার সবচেয়ে দুর্গম ও বন্যাপ্রবণ উপজেলা খালিয়াজুরী। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে প্রতিবছর হাওরাঞ্চলের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়। তাই বন্যার আগেই জনগণকে সচেতন করা, আগাম সতর্কবার্তা দ্রুত পৌঁছে দেওয়া, নিরাপদ আশ্রয়কেন্দ্রে স্থানান্তরের প্রস্তুতি গ্রহণ, জরুরি খাদ্য, বিশুদ্ধ পানি ও প্রয়োজনীয় ওষুধ সংরক্ষণ নিশ্চিত করা অত্যন্ত জরুরি।
তারা দুর্যোগ মোকাবিলায় স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বিতভাবে কাজ করার পাশাপাশি বন্যাপ্রবণ জনগোষ্ঠীর পাশে থাকার এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সম্মিলিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
মহড়ায় উপজেলার জেলে, কৃষক, তাঁতি, ইমাম-মুয়াজ্জিন, শিক্ষক, সরকারি কর্মচারী, সুশীল সমাজের প্রতিনিধি এবং স্থানীয় বাসিন্দাসহ প্রায় দুই শতাধিক মানুষ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের শেষ পর্বে সাংস্কৃতিক পরিবেশনা করেন হাওর কালচারাল একাডেমির প্রতিষ্ঠাতা বর্ষা সরকার পপি। শেষে সভাপতির সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

