পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড়ের দেবীগঞ্জে শিক্ষার্থীদের মাদক, কিশোর অপরাধ ও স্মার্টফোনের অপব্যবহার থেকে দূরে থাকার আহ্বান জানিয়ে সচেতনতামূলক মতবিনিময় সভা ও চরিত্র গঠনের শপথ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৭ আগস্ট) দেবীগঞ্জ উপজেলার নৃপেন্দ্র নারায়ণ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে টিফিনের টাকায় পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক জি এম রহুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইন্দ্রজীত সাহা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দেবীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রবীর সরকার এবং লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের উন্নত চরিত্র গঠন, মাদক ও কিশোর অপরাধ থেকে দূরে থাকা এবং স্মার্টফোনের অপব্যবহার না করার শপথ পাঠ করান ইউএনও ইন্দ্রজীত সাহা।
বক্তারা বলেন, মাদক ও প্রযুক্তির অপব্যবহার কিশোর-তরুণদের ভবিষ্যৎ বিপথগামী করতে পারে। তাই শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি নৈতিকতা ও সামাজিক মূল্যবোধ চর্চায় মনোযোগী হতে হবে।
লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল বলেন, টিফিনের টাকা সাশ্রয় করে পরিচালিত সংগঠনটি গত ১৫ বছর ধরে দেশের ৬৪ জেলায় শিক্ষার্থীদের সামাজিক সচেতনতা বৃদ্ধিতে কাজ করে যাচ্ছে। বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত সংগঠনটির মাধ্যমে এ পর্যন্ত প্রায় ৪৫ লাখ শিক্ষার্থীকে বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে উদ্বুদ্ধ করা হয়েছে।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

