বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
জামালপুরের বকশীগঞ্জে পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেলে উপজেলার নিলাখিয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী জানকিপুর ঠাকুরপাড়া ঈদগাহ মাঠ কমিটির উদ্যোগে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
কর্মসূচির উদ্বোধন করেন বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুরাদ হোসেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স। নিলাখিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মজিবর রহমানের সঞ্চালনায় এবং উপজেলা বিএনপির সহসভাপতি ও ঈদগাহ মাঠ কমিটির সভাপতি অ্যাডভোকেট মোকাম্মেল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন ইউনিয়ন বিএনপির সভাপতি মমতাজুর রহমান মমতাজ, ঈদগাহ মাঠের সাধারণ সম্পাদক সেলিমুজ্জামান সেলিম, ইউনিয়ন যুবদলের সভাপতি শরীফ উদ্দিন, শিক্ষক আজাদ হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
এ সময় ঈদগাহ মাঠ কমিটির সদস্য, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।
বৃক্ষরোপণ শেষে স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করা হয়। পাশাপাশি ঈদগাহ মাঠের উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণ নিয়ে আলোচনা করেন আয়োজকরা।
ঈদগাহ মাঠ কমিটির পক্ষ থেকে জানানো হয়, পরিবেশের ভারসাম্য রক্ষা ও মাঠের সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়েছে। বক্তারা পরিবেশ রক্ষায় প্রত্যেক নাগরিককে অন্তত পাঁচটি করে গাছ লাগানোর আহ্বান জানান।
বক্তারা বলেন, অতিরিক্ত কার্বন নিঃসরণের কারণে বৈশ্বিক তাপমাত্রা দিন দিন বাড়ছে। এতে পরিবেশের ভারসাম্য মারাত্মকভাবে নষ্ট হচ্ছে। পরিবেশের এই বিরূপ প্রভাব মোকাবিলায় বেশি বেশি গাছ লাগানোর বিকল্প নেই। তাই সরকারি উদ্যোগের পাশাপাশি ব্যক্তি ও সামাজিক পর্যায়েও বৃক্ষরোপণ কর্মসূচি জোরদার করতে হবে।

