Nabadhara
ঢাকাশনিবার , ২২ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মাদকমুক্ত সমাজ গড়তে পরিবারকেই উদ্যোগী হতে হবে: এসএম জিলানী

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
আগস্ট ২২, ২০২৬ ৫:৫৭ অপরাহ্ণ
Link Copied!

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

সমাজ থেকে পুরোপুরি মাদক নির্মূল করা কোনো একক ব্যক্তি বা পুলিশের পক্ষে সম্ভব নয়। তবে প্রত্যেক পরিবারের অভিভাবকেরা উদ্যোগী হলে মাদক নির্মূল করা সম্ভব বলে মন্তব্য করেছেন গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানী।

শনিবার (২২ আগস্ট) বেলা ১১টায় গোপালগঞ্জ জেলা ওলামা দলের আয়োজনে টুঙ্গিপাড়া পৌর মাল্টিপারপাস সুপার মার্কেটে ‘মাদকমুক্ত সমাজ গড়তে ইমাম-মুয়াজ্জিনদের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসএম জিলানী বলেন, “প্রত্যেক পরিবারের সন্তান কী করছে, তা প্রথমে অভিভাবকের চোখেই ধরা পড়ে। কিন্তু লজ্জা কিংবা অন্য কোনো কারণে অনেক অভিভাবক প্রথমদিকে মেনে নিতে চান না যে তাঁদের ছেলে-মেয়ে মাদকাসক্ত হয়েছে। পরে যখন পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তখন সন্তানদের নিয়ে বাবা-মা অতিষ্ঠ হয়ে পড়েন।”

তিনি বলেন, “প্রত্যেক পরিবারের অভিভাবকেরা সচেতন হয়ে উদ্যোগ নিলে সন্তানদের মাদক থেকে দূরে রাখা এবং সমাজকে মাদকের ভয়াবহতা থেকে পরিত্রাণ দেওয়া সম্ভব।”

ইমাম-মুয়াজ্জিনদের প্রতি প্রতি শুক্রবার নামাজের আগে মাদকের ভয়াবহতা নিয়ে বয়ান দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, অন্যান্য দিনের তুলনায় শুক্রবার মসজিদ-মাদ্রাসায় বেশি মানুষ সমবেত হন। এদিন মাদক নির্মূল ও এর ক্ষতিকর দিক নিয়ে আলোচনা করা হলে সমাজের সব শ্রেণি-পেশার মানুষ আরও সচেতন হবে। এতে সমাজ অনেকটা উপকৃত হবে।

অনুষ্ঠানে দেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়েও বক্তব্য দেন এসএম জিলানী। তিনি বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে অর্থপাচারের অভিযোগ তুলে বলেন, “গত ১৭ বছরে ২৯ লাখ কোটি টাকা দেশ থেকে বিদেশে পাচার হয়েছে। এই অর্থ দিয়ে বাংলাদেশের সাতটি বাজেট ঘোষণা করা যেত। টাকা দেশে থাকলে বিভিন্নভাবে দেশের মানুষের উপকারে আসত। কিন্তু অর্থ বিদেশে পাচার হওয়ায় দেশের অর্থনীতি ভঙ্গুর অবস্থায় রয়েছে।”

তিনি আরও বলেন, নির্বাচিত সরকার দেশের অর্থনীতির ভিত শক্তিশালী করার চেষ্টা করছে। দ্রুত দেশের অর্থনীতি মজবুত হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

গোপালগঞ্জ জেলা ওলামা দলের সদস্য সচিব মাওলানা মুফতি সাইদুর রহমানের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন টুঙ্গিপাড়া উপজেলা বিএনপির সভাপতি শেখ সালাহউদ্দিন আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক নাসির হোসেন, সাংগঠনিক সম্পাদক খালিদ বিশ্বাস, পৌর বিএনপির সভাপতি এমদাদ মোল্লা, সাধারণ সম্পাদক জিহাদুল ইসলাম বাবু, সাংগঠনিক সম্পাদক আবু জাফর খান, গোপাল সরকার ও যুবদলের সদস্য সচিব আমিনুল ইসলামসহ অনেকে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।