Nabadhara
ঢাকাশনিবার , ২২ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

জাতীয় বিশ্ববিদ্যালয় ও অভিবাস টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
আগস্ট ২২, ২০২৬ ৬:১৮ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর

শিক্ষার্থীদের পেশাগত ও কারিগরি দক্ষতা বৃদ্ধি, শিল্পখাতের চাহিদার সঙ্গে শিক্ষাক্রমের সমন্বয় এবং কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণের লক্ষ্যে জাতীয় বিশ্ববিদ্যালয় ও অভিবাস টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সমঝোতা স্মারকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ এবং অভিবাস টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটের পক্ষে প্রতিষ্ঠানটির ম্যানেজিং ডিরেক্টর মালেকা পারভীন মোলি স্বাক্ষর করেন।

এ সময় জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল-হোসেন, শারীরিক শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক দপ্তরের পরিচালক মোহাম্মদ শফিউল করিম, অভ্যন্তরীণ নিরীক্ষা দপ্তরের পরিচালক মো. জসিম উদ্দিন, ইন্টারন্যাশনাল ডেস্কের পরিচালক রাজ বিন কাসেম, কমিউনিকেশনস এক্সপার্ট গৌতম বড়ুয়া, মাল্টি-ল্যাঙ্গুয়েজ লার্নিং ইনস্টিটিউটের কোঅর্ডিনেটর মো. সাইফুল ইসলাম শাহীন এবং অভিবাস টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটের পরিচালক তামান্না রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ বলেন, “শিক্ষার্থীদের আরও দক্ষ করে গড়ে তুলতে হবে। শিল্পখাতের চাহিদা অনুযায়ী দক্ষতা অর্জনের সুযোগ তৈরি করা গেলে আমাদের শিক্ষার্থীরা দেশীয় শ্রমবাজারের পাশাপাশি আন্তর্জাতিক শ্রমবাজারেও নিজেদের যোগ্যতা প্রমাণ করতে পারবে।”

তিনি আরও বলেন, “জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণে এ ধরনের ইন্ডাস্ট্রি-একাডেমিয়া সংযোগ আরও জোরদার করা হবে। এ সহযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের কর্মসংস্থান বৃদ্ধি, আধুনিক ও বাজারমুখী দক্ষতা অর্জন এবং আন্তর্জাতিক শ্রমবাজারে প্রবেশের সক্ষমতা তৈরিতে নতুন সুযোগ সৃষ্টি হবে।”

সমঝোতার আওতায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বাজারের চাহিদাভিত্তিক বিভিন্ন পেশাগত ও কারিগরি প্রশিক্ষণের সুযোগ তৈরি করা হবে। একই সঙ্গে শিল্পখাতের বর্তমান ও ভবিষ্যৎ চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে একাডেমিক কারিকুলাম উন্নয়ন ও হালনাগাদে উভয় প্রতিষ্ঠান যৌথভাবে কাজ করবে।

এ সহযোগিতার আওতায় জাপানি ভাষা, কেয়ারগিভিং, তথ্যপ্রযুক্তি, ডিজিটাল মার্কেটিং, বিউটিফিকেশন ও হসপিটালিটিসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণের সুযোগ তৈরি হবে। প্রশিক্ষণ সফলভাবে সম্পন্নকারী শিক্ষার্থীদের সার্টিফিকেশনের মাধ্যমে স্বীকৃতি দেওয়া হবে।

এ ছাড়া শিক্ষার্থীদের বাস্তব কর্মক্ষেত্রের সঙ্গে পরিচিত করতে ইন্টার্নশিপ ও অ্যাপ্রেন্টিসশিপ কার্যক্রম পরিচালনার পাশাপাশি সম্ভাব্য কর্মসংস্থানের সুযোগ তৈরিতেও উভয় পক্ষ সহযোগিতা করবে। এর ফলে শিক্ষার্থীরা একাডেমিক জ্ঞানের পাশাপাশি কর্মক্ষেত্রে প্রয়োজনীয় ব্যবহারিক ও পেশাগত দক্ষতা অর্জনের সুযোগ পাবেন।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক তাইয়েবা তাসনীম সিরাজ বিষয়টি নিশ্চিত করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।