Nabadhara
ঢাকারবিবার , ২৩ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কাপাসিয়ায় অটোরিকশা চালক হত্যা, ২৪ ঘণ্টায় রহস্য উন্মোচন পিবিআইয়ের; গ্রেপ্তার ৩

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
আগস্ট ২৩, ২০২৬ ৭:২৮ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর

গাজীপুরের কাপাসিয়ায় ব্যাটারিচালিত অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে চালক আতাউর রহমান ওরফে আতা মিয়াকে (৬০) হত্যার রহস্য ২৪ ঘণ্টার মধ্যে উন্মোচন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। ছেলের হত্যার খবর শুনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার বৃদ্ধা মা জহুরা খাতুনের (৭৫) মৃত্যুর ঘটনাও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

রোববার দুপুরে পিবিআই আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান গাজীপুর পিবিআইয়ের পুলিশ সুপার মো. রকিবুল আক্তার।

পিবিআই সূত্রে জানা যায়, গত ২০ আগস্ট বিকেলে জীবিকার তাগিদে নিজের ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন আতাউর রহমান। ওই দিন রাত ৮টার আগে কাপাসিয়া উপজেলার সনমানিয়া ইউনিয়নের দক্ষিণগাঁও এলাকার একটি নির্জন কলাবাগানে অজ্ঞাত ব্যক্তিরা তাকে রশি দিয়ে গলা টিপে এবং রড ও হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে হত্যা করে। পরে অটোরিকশাটি নিয়ে পালিয়ে যায়।

একমাত্র সন্তানের এমন করুণ মৃত্যুর খবর শুনে মানসিকভাবে ভেঙে পড়েন তার মা জহুরা খাতুন। পরে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তারও মৃত্যু হয়। একই দিনে মা ও ছেলের মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।

ঘটনার গুরুত্ব বিবেচনায় পিবিআই প্রধান অতিরিক্ত আইজিপি মো. মোস্তফা কামালের দিকনির্দেশনায় এবং গাজীপুর পিবিআইয়ের পুলিশ সুপার মো. রকিবুল আক্তারের তত্ত্বাবধানে একটি বিশেষ দল তদন্তে নামে। তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে ২১ আগস্ট রাতে কাপাসিয়ার চালাবাজার ও নরোত্তমপুর এলাকায় অভিযান চালিয়ে হত্যাকাণ্ডে জড়িত দুইজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন—রাজ্জাক খানের ছেলে রাজীব খান (২৯) এবং নাসির উদ্দিনের ছেলে নকিবুল হাসান ওরফে রাকিব (২৪)। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে নরসিংদীর মনোহরদী থেকে লুণ্ঠিত অটোরিকশাটি উদ্ধার করা হয়। চোরাই মাল কেনার অভিযোগে মো. কিবরিয়া (৪২) নামে এক দোকানদারকেও গ্রেপ্তার করা হয়েছে।

পিবিআই জানায়, আদালতে দেওয়া ১৬৪ ধারার জবানবন্দিতে আসামিরা অটোরিকশা ছিনতাইয়ের পরিকল্পনার কথা স্বীকার করেছে। ঋণের দায়ে জর্জরিত হয়ে তারা এ পরিকল্পনা করে। নকিবুল নিহত আতাউর রহমানের দূরসম্পর্কের আত্মীয় হওয়ায় তাকে সহজেই টার্গেট করা হয় বলে জবানবন্দিতে উল্লেখ করা হয়েছে।

ঘটনার দিন কৌশলে আতাউরকে নির্জন স্থানে ডেকে নিয়ে রড, হাতুড়ি ও রশি দিয়ে হত্যা করা হয়। পরে অটোরিকশাটি ধুয়ে-মুছে পরিষ্কার করে মাত্র ৪২ হাজার টাকায় বিক্রি করে দেওয়া হয় বলে পিবিআই জানিয়েছে।

গ্রেপ্তার আসামিদের কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত আলামত এবং অটোরিকশা বিক্রির ২২ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

গাজীপুর পিবিআইয়ের পুলিশ সুপার মো. রকিবুল আক্তার বলেন, “একজন নিরীহ চালককে হত্যা এবং এর পরপরই তার মায়ের মৃত্যুর ঘটনা অত্যন্ত হৃদয়বিদারক। অপরাধীরা ভেবেছিল নির্জন স্থানে হত্যাকাণ্ড ঘটিয়ে তারা পার পেয়ে যাবে। কিন্তু পিবিআইয়ের পেশাদারিত্ব ও আধুনিক প্রযুক্তির দক্ষ ব্যবহারের মাধ্যমে দ্রুততম সময়ে আসামিদের গ্রেপ্তার করা সম্ভব হয়েছে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।