পলাশ (নরসিংদী) প্রতিনিধি
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির মধ্যে নরসিংদীর পলাশে নিম্নআয়ের ও অসহায় মানুষের মধ্যে সরকারি খাদ্য সহায়তার চাল বিতরণ করা হয়েছে। ১৫ টাকা কেজি দরে জনপ্রতি ৩০ কেজি করে চাল পেয়েছেন উপকারভোগীরা।
সোমবার (২৪ আগস্ট) সকালে উপজেলার জিনারদী ইউনিয়নের ১, ২, ৩ ও ৪ নম্বর ওয়ার্ডের অসহায় ও দুস্থ পরিবারের মধ্যে এ চাল বিতরণ করা হয়। প্রশাসনের উদ্যোগে সংশ্লিষ্ট ডিলারের মাধ্যমে নির্ধারিত মূল্যে এসব চাল বিতরণ করা হয়।
চাল পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন। স্থানীয়রা জানান, বাজারে চালের দাম তুলনামূলক বেশি থাকায় সরকারি নির্ধারিত মূল্যে চাল পাওয়ায় নিম্নআয়ের পরিবারগুলোর সংসারের ব্যয় কিছুটা কমবে। এ কার্যক্রম নিয়মিত ও সুষ্ঠুভাবে পরিচালনার দাবি জানান তারা।
চাল বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য তদারকি অফিসার (SAO) সুফিয়া বেগম, জিনারদী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান খোরশেদ আলম ও ডিলার রোমান ভূঁইয়া।

