স্টাফ রিপোর্টার
বাগেরহাটের চিতলমারীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ও কসমেটিকস আইন লঙ্ঘনের দায়ে দুটি মামলায় ১ লাখ ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে চিতলমারী সদরে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খাদিজা আক্তার।
অভিযানে তাঁর সঙ্গে ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শর্মী রায়, বাগেরহাট জেলা ওষুধ তত্ত্বাবধায়ক মো. ফজলুল হক এবং স্যানিটারি পরিদর্শক মো. মিরাজুল হক তালুকদার।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এবং কসমেটিকস আইন, ২০২৩-এর সংশ্লিষ্ট ধারায় চিতলমারী ক্লিনিকসহ দুটি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ১ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে বিভিন্ন ক্লিনিক ও ওষুধের দোকানের মালিকদের আইন ও বিধিবিধান মেনে ব্যবসা পরিচালনার বিষয়ে সতর্ক করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খাদিজা আক্তার বলেন, “ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

