খুলনা প্রতিনিধি
খুলনার জেলখানা ঘাট এলাকায় ভৈরব নদে ফেরি ও ট্রলারের সংঘর্ষের ঘটনায় রাকিব খান নামে এক যুবক নিখোঁজ রয়েছেন। দুর্ঘটনার পর ট্রলারটি নদীর মাঝখানে ডুবে যায়। ট্রলারে থাকা অন্যদের উদ্ধার করা সম্ভব হলেও বুধবার দুপুর পর্যন্ত রাকিবের সন্ধান পাওয়া যায়নি। তাকে উদ্ধারে নৌবাহিনী, নৌ-পুলিশ, কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের সদস্যরা যৌথভাবে অভিযান চালাচ্ছেন।
নিখোঁজ রাকিব খান রূপসা উপজেলার সেনের বাজার এলাকার হাজী গ্রামের বাকের খানের ছেলে। পরিবার ও নৌ-পুলিশ সূত্রে জানা গেছে, রাকিব বিভিন্ন অনুষ্ঠানে নাচের সঙ্গে যুক্ত ছিলেন।
নৌ-পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে জেলখানা ঘাটসংলগ্ন ভৈরব নদে একটি ফেরির সঙ্গে ট্রলারের সংঘর্ষ হয়। সংঘর্ষের পর ট্রলারটি নদীর মাঝখানে ডুবে যায়। এ সময় ট্রলারে থাকা অন্যান্য যাত্রীদের উদ্ধার করা সম্ভব হলেও রাকিব নিখোঁজ হন।
দুর্ঘটনার পর রাতভর নদীতে তল্লাশি চালানো হয়। নৌ-পুলিশ রূপসা ফাঁড়ির ইনচার্জ মো. আবুল খায়ের জানান, রাত সাড়ে ৪টা পর্যন্ত রাকিবের সন্ধানে উদ্ধার অভিযান চালানো হয়। পরে বুধবার সকাল সাড়ে ৭টা থেকে আবারও অভিযান শুরু করা হয়েছে।
তিনি জানান, নিখোঁজ রাকিব বিভিন্ন অনুষ্ঠানে নাচে অংশ নিতেন। মঙ্গলবার রাতে বাড়ি ফেরার জন্য ট্রলারে উঠেছিলেন। এরপর দুর্ঘটনার পর থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না।
এদিকে বুধবার সকালে রাকিবের পরিবারের সদস্যরা ফায়ার সার্ভিসের সঙ্গে যোগাযোগ করেন। পরে সকাল ৯টার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যরা ঘটনাস্থল ও আশপাশের এলাকায় তল্লাশি শুরু করেন।
খুলনা ফায়ার সার্ভিসের উপপরিচালক মাসুদ সরদার বলেন, নিখোঁজ রাকিবের সন্ধানে ডুবুরি দল নদীতে উদ্ধার অভিযান পরিচালনা করছে। তবে এখন পর্যন্ত তার সন্ধান পাওয়া যায়নি।
অন্যদিকে দুর্ঘটনার পর ভৈরব নদে ডুবে যাওয়া ট্রলারটির অবস্থানও শনাক্ত করা সম্ভব হয়নি। নিখোঁজ যুবককে উদ্ধারের পাশাপাশি ডুবে যাওয়া ট্রলারটির সন্ধানেও তল্লাশি চালানো হচ্ছে।
নৌ-পুলিশ, ফায়ার সার্ভিস, কোস্টগার্ড ও নৌবাহিনীর সদস্যরা জেলখানা ঘাট ও আশপাশের ভৈরব নদে নিখোঁজ যুবকের সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত রেখেছেন।

