আর.কে. বাপ্পা, দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি
দেশে মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সরকারের গৃহীত কর্মসূচির আওতায় সাতক্ষীরার দেবহাটায় বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের পুকুর ও জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর) সকাল ১১টায় দেবহাটা উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে এ পোনা অবমুক্তকরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। উপজেলার বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, জলাশয় ও সেবামূলক প্রতিষ্ঠানে এসব মাছের পোনা বিতরণ ও অবমুক্ত করা হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার প্রদীপ কুমার দাম, উপজেলা কৃষি অফিসার শওকত ওসমান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারী, উপজেলা জামায়াতের আমির মাওলানা অলিউল ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসার তরিকুল ইসলাম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সন্দীপ কুমার মন্ডল, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে. বাপ্পাসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা বলেন, মাছের পোনা অবমুক্তকরণের মাধ্যমে দেশের মাছের উৎপাদন বৃদ্ধিতে ভূমিকা রাখতে হবে। অবমুক্ত করা মাছের সঠিক পরিচর্যা ও রক্ষণাবেক্ষণ নিশ্চিত করতে হবে। সরকার যে উদ্দেশ্যে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে বিনামূল্যে মাছের পোনা বিতরণ করছে, সেই লক্ষ্য বাস্তবায়নে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
উপজেলা মৎস্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি বছর দেবহাটা উপজেলার বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে প্রায় ৪০০ কেজি মাছের পোনা বিতরণ করা হচ্ছে। এসব পোনার মধ্যে রুই, কাতলা, মৃগেলসহ বিভিন্ন প্রজাতির মাছ রয়েছে।

