সামসুল হক জুয়েল, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে স্টক রেজিস্টারে উল্লেখিত মজুদের চেয়ে বেশি সার পাওয়ায় দুই সার ব্যবসায়ীকে মোট ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার জামালপুর ইউনিয়নের দোলান বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল-আমিন হালদার।
অভিযানকালে দোলান বাজারের প্রকাশ ট্রেডার্স ও মেসার্স এস এস করপোরেশনে স্টক রেজিস্টার যাচাই করা হয়। এ সময় রেজিস্টারে উল্লেখিত মজুদের পরিমাণের তুলনায় বাস্তবে অতিরিক্ত সার মজুদের প্রমাণ পাওয়া যায়।
পরে অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন, ১৯৫৬-এর ৬ ধারায় পৃথক দুটি মামলা করা হয়। মামলায় প্রকাশ ট্রেডার্সের মালিক নির্মল দাস (৬০) ও মেসার্স এস এস করপোরেশনের শরীফ ভূইয়াকে এক লাখ টাকা করে মোট ২ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
মামলাগুলোতে প্রসিকিউটর হিসেবে রাষ্ট্রপক্ষ দায়িত্ব পালন করে। ভ্রাম্যমাণ আদালতের বেঞ্চ সহকারী হিসেবে দায়িত্ব পালন করেন মাহবুবুল ইসলাম।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল-আমিন হালদার বলেন, বাজারে সারসহ অত্যাবশ্যকীয় পণ্যের মজুদ ও বিতরণ ব্যবস্থাপনায় শৃঙ্খলা বজায় রাখা এবং অনিয়ম প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

