নরসিংদী প্রতিনিধি
নরসিংদীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী যুব মহিলা লীগের জেলা শাখার যুগ্ম আহ্বায়ক মাহিয়া মনি ওরফে মনিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (৫ সেপ্টেম্বর) রাতে নরসিংদী সদর উপজেলার শিক্ষা চত্বর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রোববার (৬ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেন নরসিংদী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ আর এম মামুন।
পুলিশ জানায়, গ্রেপ্তার মাহিয়া মনি শিবপুর উপজেলার সৃষ্টিঘর গ্রামের বাসিন্দা। তার বাবার নাম মজিবুর রহমান, মায়ের নাম রোকেয়া রহমান এবং স্বামী জয়নাল ভূইয়া।
পুলিশ ও মামলার নথি সূত্রে জানা গেছে, মাহিয়া মনির বিরুদ্ধে ঢাকার যাত্রাবাড়ী থানায় ২০২৪ সালের ২০ সেপ্টেম্বর দায়ের করা একটি মামলায় দণ্ডবিধির ৩০২, ২০১ ও ৩৪ ধারায় অভিযোগ রয়েছে। মামলাটির এফআইআর নম্বর ৫৪ এবং জিআর নম্বর ৮৪০।
এ ছাড়া শিবপুর মডেল থানায় ২০১৯ সালের ১ ফেব্রুয়ারি দায়ের করা অপর একটি মামলায় তার বিরুদ্ধে দণ্ডবিধির ১৪৩, ৪৪৭, ৪৪৮, ৩২৩, ৩২৬, ৩০৭, ৩৫৪, ৩৭৯, ৪২৭, ৫০৬ ও ১১৪ ধারায় অভিযোগ রয়েছে।
নরসিংদী সদর থানার ওসি এ আর এম মামুন বলেন, “বিশেষ অভিযানের অংশ হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে।”
গ্রেপ্তারের পর তাকে সংশ্লিষ্ট মামলায় পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

