জসিম উদ্দিন, দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর দুমকিতে সরকারি জনতা কলেজ মাঠ থেকে পরিত্যক্ত অবস্থায় একটি গুলি উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে কলেজ মাঠের পূর্ব পাশে একটি মেহগনি গাছের গোড়া থেকে গুলিটি উদ্ধার করা হয়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার বিকেলে সরকারি জনতা কলেজ মাঠে ফুটবল খেলার সময় জিহাদুল ইসলাম জিদান নামের এক শিক্ষার্থী মাঠের পূর্ব পাশে একটি মেহগনি গাছের গোড়ায় চকচকে একটি বস্তু দেখতে পান। প্রথমে শোপিসের কোনো অংশ মনে করে তিনি সেটি কুড়িয়ে পকেটে করে বাড়িতে নিয়ে যান।
জিহাদুল ইসলাম জিদান জানান, শনিবার বিকেলে খেলার শেষ দিকে ফুটবলটি মাঠের পূর্ব পাশে মেহগনি গাছের দিকে চলে যায়। বলটি আনতে গিয়ে তিনি পিতলের মতো চকচকে একটি বস্তু দেখতে পান। পরে সেটি বাড়িতে নিয়ে যান। রোববার টিফিনের সময় এক বড় ভাইকে দেখালে তিনি সেটিকে গুলি বলে শনাক্ত করেন। এরপর জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করে বিষয়টি পুলিশকে জানানো হয় এবং গুলিটি আগের স্থানে রেখে আসতে বলা হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সেটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম উদ্দিন জানান, ৯৯৯ নম্বরে কল পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মেহগনি গাছের গোড়া থেকে পরিত্যক্ত অবস্থায় গুলিটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখা হচ্ছে।
উদ্ধার হওয়া গুলিটি কোন ধরনের অস্ত্রের এবং কীভাবে সেটি কলেজ মাঠে এলো, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
এদিকে, দুমকি সরকারি জনতা কলেজ মাঠের মতো একটি ব্যস্ত ও জনসমাগমপূর্ণ স্থানে পরিত্যক্ত অবস্থায় গুলি পড়ে থাকার ঘটনায় শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ ও কৌতূহলের সৃষ্টি হয়েছে।

