পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি), এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও পৌর প্রশাসক মো. আল ইয়াসা রহমান তাপাদারকে বিদায়ী সংবর্ধনা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে পলাশবাড়ী পৌরসভা কার্যালয়ে স্থানীয় অনলাইন সংবাদমাধ্যম ‘খবরবাড়ি ২৪ ডটকম’-এর উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে তাঁর হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
এ সময় বক্তারা বলেন, দায়িত্ব পালনকালে মো. আল ইয়াসা রহমান তাপাদার সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে ভূমিসেবা সহজীকরণ, জনদুর্ভোগ লাঘব, আইনশৃঙ্খলা রক্ষা এবং পৌরসভার নাগরিক সেবা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাঁর জনবান্ধব কর্মকাণ্ড ও প্রশাসনিক দক্ষতা পলাশবাড়ীবাসীর কাছে প্রশংসিত হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন, পৌরসভার প্রকৌশলী নুরুজ্জামান সরকার, খবরবাড়ি ২৪ ডটকমের সম্পাদক মুশফিকুর রহমান মিলটন, মডেল প্রেসক্লাবের সভাপতি ও সিনিয়র সাংবাদিক রবিউল হোসেন পাতা, সিনিয়র সাংবাদিক ফেরদৌছ মিয়া ও মাসুদার রহমান মাসুদ।
এ ছাড়া পলাশবাড়ী প্রেসক্লাবের সহসভাপতি আশরাফুজ্জামান সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক হাসিবুর রহমান স্বপন, সাংবাদিক মোমেনুর রশিদ সাগর, ওমর ফারুক, সরকার লুৎফর রহমানসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে বক্তারা বিদায়ী কর্মকর্তার কর্মজীবনের স্মৃতিচারণ করেন এবং তাঁর নতুন কর্মস্থলে সাফল্য কামনা করেন। একই সঙ্গে পলাশবাড়ীতে তাঁর জনসেবামূলক কর্মকাণ্ডের কথা স্মরণীয় হয়ে থাকবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।

