গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
স্বামীর জীবন বাঁচাতে নিজের একটি কিডনি দান করে ভালোবাসা ও আত্মত্যাগের অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন প্রধান শিক্ষিকা মন্দিরা রানী পাল। কিডনি রোগে আক্রান্ত স্বামী সুদাম পালের সুস্থতা কামনায় বরিশালের গৌরনদীতে প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাতে গৌরনদী উপজেলার টরকী বন্দর শ্রীশ্রী রাধাগোবিন্দ মন্দিরে এ প্রার্থনা সভার আয়োজন করা হয়। এতে শিক্ষক দম্পতির দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়।
প্রার্থনা সভায় উপস্থিত ছিলেন বরিশাল জেলা উত্তর বিএনপির সিনিয়র সদস্য ও উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবুল হোসেন মিয়া, প্রেসক্লাবের সাবেক সভাপতি ও মাই টিভির প্রতিনিধি মো. গিয়াস উদ্দিন মিয়া, মন্দির পরিচালনা কমিটির সভাপতি ভজন কুন্ডু, সাধারণ সম্পাদক সমীর সরকার, বৈদ্য নারায়ণ পাল, শিশির কুমার কুন্ডু, বিমল কুন্ডু, শেখর দত্ত বণিক, গুরুদাস গোস্বামী, ভাস্কর পাল, ননী গোপাল রায় ও সুব্রত পালসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
জানা যায়, ২০০৪ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন সুদাম পাল ও মন্দিরা রানী পাল। তাঁদের সংসারে এক ছেলে ও এক মেয়ে রয়েছে। ২০১৯ সালে সুদাম পালের কিডনি রোগ ধরা পড়ে। এরপর দেশে ও ভারতে দীর্ঘদিন চিকিৎসা করানোর পর চিকিৎসকেরা কিডনি প্রতিস্থাপনের পরামর্শ দেন। উপযুক্ত ডোনার না পেয়ে শেষ পর্যন্ত স্বামীর জীবন বাঁচাতে নিজের একটি কিডনি দানের সিদ্ধান্ত নেন মন্দিরা রানী পাল।
কিডনি প্রতিস্থাপনের জন্য আদালত, আইন ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করা হয়। পরে ভারতের দিল্লির ম্যাক্স সুপার স্পেশালিটি হাসপাতালে ইউরোলজি, কিডনি প্রতিস্থাপন, রোবোটিক ও ইউরো-অনকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক চিকিৎসক অনন্ত কুমারের তত্ত্বাবধানে তাঁদের চিকিৎসা চলে।
দীর্ঘদিনের পরীক্ষা-নিরীক্ষা ও ফলোআপ শেষে গত মঙ্গলবার (২৪ নভেম্বর) ভারতীয় সময় সকাল ৮টায় কিডনি প্রতিস্থাপনের অস্ত্রোপচার শুরু হয়। দুপুর ২টায় সফলভাবে অস্ত্রোপচার সম্পন্ন হয়।
স্বামীর সুস্থতার জন্য স্ত্রীর এমন আত্মত্যাগ এলাকায় ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। প্রার্থনা সভায় উপস্থিত সবাই শিক্ষক দম্পতির দ্রুত আরোগ্য ও সুস্থ জীবন কামনা করেন।

