পঞ্চগড় প্রতিনিধি
যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে পঞ্চগড়ে হানাদারমুক্ত দিবস পালিত হয়েছে। ১৯৭১ সালের ২৯ নভেম্বর দেশের প্রথম অঞ্চল হিসেবে পঞ্চগড় পাক হানাদার বাহিনীর দখলমুক্ত হয়। ঐতিহাসিক এ দিনটি স্মরণে শনিবার (২৯ নভেম্বর) জেলা প্রশাসনের উদ্যোগে পুষ্পস্তবক অর্পণ, বর্ণাঢ্য শোভাযাত্রা, দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়।
সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসকের কার্যালয়সংলগ্ন শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। পরে সেখান থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা পরিষদের সামনে অবস্থিত বধ্যভূমিতে গিয়ে শেষ হয়। সেখানে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ ও মোনাজাত করা হয়।
পরে পঞ্চগড় কেন্দ্রীয় শহীদ মিনারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোসা. শুকরিয়া পারভীন। সভায় আরও বক্তব্য দেন পুলিশ সুপার আবু সাইম, জেলা পরিষদের প্রশাসক এম এ মজিদ, সিভিল সার্জন ডা. মিজানুর রহমান, বীর মুক্তিযোদ্ধা ও ভারপ্রাপ্ত কমান্ডার নুরুল ইসলাম হেলাল এবং পিপি মির্জা নাজমুল ইসলাম কাজল।
অনুষ্ঠানে জেলা পর্যায়ের বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, শহীদ ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্য, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ১৯৭১ সালের ২৯ নভেম্বর দীর্ঘ প্রতিরোধ ও লড়াইয়ের পর পঞ্চগড় পাক হানাদার বাহিনীর দখলমুক্ত হয়। দিনটি পঞ্চগড়বাসীর কাছে গৌরব, আত্মত্যাগ ও মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত এক ঐতিহাসিক দিন হিসেবে বিশেষ গুরুত্ব বহন করে।

