কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
রংপুরের কাউনিয়ায় পুলিশের পৃথক অভিযানে সন্ত্রাসবিরোধী আইন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ১৫০ গ্রাম গাঁজা, ২৫টি বাঁশের লাঠি ও ২০০টি রেললাইনের পাথরের খণ্ড জব্দ করেছে পুলিশ।
শনিবার (২৮ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার বালাপাড়া ইউনিয়নের পৃথক এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, রাত আড়াইটার দিকে নিজপাড়া গ্রামের রাজেন্দ্র বাজারের সামনে রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়। তাঁরা হলেন—কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী যুবলীগের যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদের (৫০), আওয়ামী লীগের সক্রিয় সদস্য নজরুল ইসলাম (৪৯), উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আল মাসুদ হিমেল (৩২) এবং ছাত্রলীগের সক্রিয় সদস্য তাহাসিন ইসলাম সিয়াম (১৯)। এ সময় ঘটনাস্থলে থাকা অজ্ঞাতনামা ১২০ থেকে ১৩০ জন পালিয়ে যান। পরে গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে ২৫টি বাঁশের লাঠি ও ২০০টি রেললাইনের পাথরের খণ্ড জব্দ করা হয়।
এদিকে একই দিন ভোর সাড়ে ৫টার দিকে বালাপাড়া ইউনিয়নের হরিশ্বর ইটভাটা এলাকায় নিজ বাড়িতে অভিযান চালিয়ে মামুনুর রশিদ মামুন (৩৬) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। পুলিশের দাবি, তিনি চিহ্নিত মাদক ব্যবসায়ী। এ সময় তাঁর কাছ থেকে ৫০ পুরিয়া গাঁজা, যার মোট ওজন ১৫০ গ্রাম, উদ্ধার করা হয়।
কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাদল কুমার মন্ডল জানান, বিশেষ অভিযান চালিয়ে লাঠিসোঁটা ও পাথরসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মী। তাঁদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে এবং গ্রেপ্তার মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে তাঁদের আদালতে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, সন্ত্রাসবিরোধী ও মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

