শামসুল হক ভূইয়া, গাজীপুর
জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৫ যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) আয়োজিত ৩৬ দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আজ ১৫ জুলাই বিকেলে বিশ্ববিদ্যালয়ের গাজীপুর মূল ক্যাম্পাসে এক বিশেষ সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয়। এই সাংস্কৃতিক আয়োজনটি জাতির গণতান্ত্রিক আন্দোলনের বীর শহীদদের স্মরণে উৎসর্গ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. দিল রওশন জিন্নাত আরা নাজনীন, প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সাঈদ ফেরদৌস এবং ট্রেজারার অধ্যাপক ড. আবুল হাসনাত মোহাঃ শামীম।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মহাঃ শফিকুল আলম, বিভিন্ন স্কুলের ডিন, বিভাগীয় প্রধানগণ, শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষার্থীরা। উপস্থিত সবাই আবেগঘন পরিবেশে দেশাত্মবোধক ও শহীদ স্মরণে নিবেদিত গান শুনে গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তাঁর বক্তব্যে বলেন, “জুলাই গণঅভ্যুত্থান আমাদের গণতান্ত্রিক ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। শহীদদের স্মরণে এমন সাংস্কৃতিক আয়োজন তরুণ প্রজন্মকে অনুপ্রাণিত করবে এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ করবে।”
বাউবি কর্তৃপক্ষ জানিয়েছে, জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস ও শহীদদের আত্মত্যাগ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে তারা বিভিন্ন সাংস্কৃতিক ও প্রামাণ্য কর্মসূচি বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ। এরই ধারাবাহিকতায় আগামীকাল ১৬ জুলাই শহীদ দিবস উপলক্ষে একটি মঞ্চ নাটক এবং ১৭ জুলাই প্রামাণ্যচিত্র ও চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।
বিশেষ সঙ্গীতানুষ্ঠানটি দর্শক-শ্রোতাদের মাঝে গভীর দেশাত্মবোধ ও আবেগ সৃষ্টি করে। আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের অনুষ্ঠান ভবিষ্যতেও গণতান্ত্রিক চেতনা ও জাতীয় ইতিহাসের প্রতি শ্রদ্ধা জাগ্রত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

