যশোর প্রতিনিধি
সরকার আট দফা দাবি না মানলে আগামী মঙ্গলবার (১২ আগস্ট) ভোর ৬টা থেকে দেশব্যাপী ৭২ ঘণ্টার পরিবহন ধর্মঘটের হুমকি দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক-শ্রমিক সমন্বয় পরিষদ। শুক্রবার যশোর জেলা শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে অনুষ্ঠিত প্রতিনিধি সভায় এই ঘোষণা দেওয়া হয়।
প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি ফেডারেশনের মহাসচিব সাইফুল আলম বলেন, “সড়ক পরিবহন আইন ২০১৮-এর ৯৮ ও ১০৫ ধারা সংশোধনসহ আমাদের ৮ দফা দাবি সরকারের কাছে জানানো হয়েছে। তবে সরকার দাবি না মানলে ১২ আগস্ট ভোর ৬টা থেকে ১৫ আগস্ট ভোর ৬টা পর্যন্ত সারাদেশে পরিবহন ধর্মঘট পালন করা হবে।”
সভায় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রহিম বক্স দুদু, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জাহিদ লতিফ, বরিশাল জেলা প্রতিনিধি ইউসুফ হাওলাদারসহ আরও অনেকে। সভাপতিত্ব করেন যশোর সমন্বয় পরিষদের সভাপতি আনিসুর রহমান লিটন এবং সঞ্চালনায় ছিলেন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোর্ত্তজা হোসেন।
প্রধান অতিথি সাইফুল আলম বলেন, “আইনের ৯৮ ও ১০৫ ধারায় বলা হয়েছে, চালক দুর্ঘটনায় জড়ালে তার জামিন পাওয়া যাবে না এবং পাঁচ বছরের কারাদণ্ড ও পাঁচ লাখ টাকা জরিমানা হতে পারে। কিন্তু জামিন নাগরিক অধিকার। এটা আদালত নির্ধারণ করবে, আইনে জামিন নিষিদ্ধ করা ঠিক নয়।”
সমন্বয় পরিষদের ৮ দফা দাবি: ১. সড়ক পরিবহন আইন ২০১৮-এর ৯৮ ও ১০৫ ধারা সংশোধন।
২. পুরনো বাণিজ্যিক যানবাহনের অর্থনৈতিক আয়ুষ্কাল ৩০ বছর করা ও অভিযানে স্থগিতাদেশ।
৩. দ্বিগুণ অগ্রিম আয়কর বাতিল করে পূর্বের হার বহাল।
৪. রিকন্ডিশন গাড়ি আমদানির সময়সীমা ৫ বছর থেকে বাড়িয়ে ১২ বছর করা।
৫. দুর্ঘটনাকবলিত গাড়ি ৭২ ঘণ্টার মধ্যে মালিকের জিম্মায় দেওয়া নিশ্চিত করা।
৬. মেয়াদোত্তীর্ণ যানবাহনের জন্য স্ক্র্যাপ নীতিমালা প্রণয়ন।
৭. মহাসড়কে তিন চাকার যান ও হালকা যানবাহনের জন্য আলাদা লেন তৈরি।
৮. ড্রাইভিং লাইসেন্স নবায়ন প্রক্রিয়া দ্রুত সম্পন্ন ও শ্রমিক ফেডারেশনের ১২ দফা বাস্তবায়ন।
সভা শেষে নেতারা সরকারের প্রতি দ্রুত সময়ের মধ্যে দাবি মেনে নেওয়ার আহ্বান জানান, নতুবা আন্দোলনে নামতে তারা বাধ্য হবেন বলেও হুঁশিয়ারি দেন।

